বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামী সোমবার। এর আগে আজ সংবাদ সম্মেলনে আসেন কিউই লেগ স্পিনার ইশ সোধি। বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন করা হয়। রিশাদের সঙ্গে ইনস্টাগ্রামে আলাপ হয়েছে সোধির, এই সিরিজে দেখাও করতে চান।
Advertisement
রিশাদের আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগে দ্রুত উন্নতি নিয়ে প্রশ্ন করা হলে সোধি বলেন, ‘হ্যাঁ, দেখুন, সে সত্যিই খুব ভালো করছে। আমার মনে হয়, সে যে অস্ট্রেলিয়ায় গিয়ে বিগ ব্যাশ লিগে এত ভালো বোলিং করতে পেরেছে, সেটাই প্রমাণ করে যে সে খুবই দারুণ একজন স্পিন বোলার।’
রিশাদের লেগ স্পিনের ধরণ নিয়েও কথা বলেন সোধি। তিনি জানান, রিশাদের বোলিং অনেকটাই ঐতিহ্যবাহী ধরনের, যা উপমহাদেশের অনেক রিস্ট স্পিনারের চেয়ে আলাদা। সোধি বলেন, ‘অনেক সময় দেখা যায় এশিয়ান লেগ স্পিনাররা বেশ নিচু হয়ে, স্কিডি ও ফ্ল্যাট ধরনের বোলিং করে। কিন্তু সে বেশ ঐতিহ্যবাহী ধাঁচের। সে ওপর দিয়ে বোলিং করে এবং অনেক বাউন্স তৈরি করে। এই অঞ্চলের বোলারদের মধ্যে এমন ধরণ অনেক দিন ধরে দেখা যায়নি। তাই আমার মনে হয় সে দারুণ সম্ভাবনাময় একজন বোলার।’
৩৩ বছর বয়সী এই স্পিনার আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যে রিশাদের সঙ্গে তাঁর কথা হয়, ‘মাঝেমধ্যে আমি তাকে ইনস্টাগ্রামে মেসেজ করি। তাই এখানে এমন একটা যোগাযোগ থাকা সত্যিই বেশ ভালো লাগার বিষয়।’
Advertisement
আসন্ন সিরিজের মাঝে রিশাদের সঙ্গে আলাপ করতে চান সোধি, ‘রিশাদের সঙ্গে আমার কয়েকবার কথা হয়েছে। সব সময় যে ক্রিকেট নিয়েই কথা হয় তা নয়। মাঝে মাঝে আমরা এমনিই একটু আলাপ করি। তাই সিরিজ চলাকালীন সম্ভবত তার সঙ্গে দেখা করব এবং এই কন্ডিশনে তার অভিজ্ঞতা কেমন, কীভাবে সে সফল হচ্ছে সেসব সম্পর্কে জানার চেষ্টা করব। সে সত্যিই খুব প্রতিভাবান একজন বোলার এবং সময়ের সঙ্গে সঙ্গে আরও উন্নতি করবে। আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগ। দুটিতেই সে দারুণ শুরু করেছে, আর আমার মনে হয় সে শুধু আরও ভালোই হতে থাকবে।’
এসকেডি/আইএন