ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে পৌর এলাকার সড়ক বাজারে এ বিক্ষোভ করেন স্থানীয় যুবকরা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
Advertisement
খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরের দিকে যুবকদের একটি বিক্ষোভ মিছিল সড়ক বাজার আসে। এসময় তাদের হাতে লোডশেডিং বন্ধ করার দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
বিক্ষোভকারীরা জানান, প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। গরমে শিশু ও বয়স্করা বেশি ভোগান্তিতে পড়ছেন। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যবসা-বাণিজ্যেও ব্যাঘাত ঘটছে। দিনেরাতে সমানতালে বিদ্যুৎ না থাকায় মানুষের ত্রাহি অবস্থা।
মিছিলের অগ্রভাগে থাকা পৌর এলাকার নারায়ণপুরের ব্যবসায়ী মো. শাহাবুদ্দিন বলেন, দিনের গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া ও ব্যবসায়ীদের ব্যবসায় ক্ষতি হচ্ছে। একইভাবে রাতে বিদ্যুৎ থাকে না বলে মানুষ ঘুমাতেও পারছে না। ঘনঘন লোডশেডিংয়ের কারণে বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হচ্ছে।
Advertisement
আবুল হাসনাত মো. রাফি/এমএন/এমএস