দেশজুড়ে

শুধু খাল খনন নয়, বিএনপি সরকারের হাত ধরে সব উন্নয়ন হবে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শুধু খাল খনন নয়; পর্যায়ক্রমে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজসহ প্রয়োজনীয় সব অবকাঠামোগত উন্নয়ন বিএনপি সরকারের হাত ধরেই বাস্তবায়িত হবে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সেনহাটি-গোবিন্দপুর এলাকায় এ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

Advertisement

শামা ওবায়েদ ইসলাম বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি দেশের কৃষি উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রেখেছিল। কৃষকদের ভাগ্যোন্নয়নে সেই উদ্যোগ গুরুত্বপূর্ণ ছিল। তারই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে পুনরায় খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তারেক রহমানের ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার অংশ হিসেবে সালথায় এই কর্মসূচি শুরু হলো। পর্যায়ক্রমে বাকি খালগুলোও খনন করা হবে। এটি কৃষকদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হবে।

গত ১৭ বছরে খাল, নদী ও নালার খননে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এর ফলে একদিকে জলাশয়গুলো শুকিয়ে গেছে, অন্যদিকে কৃষকদের জীবনমানের তেমন উন্নয়ন হয়নি। খাল খননের মাধ্যমে কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা আশা করি।

Advertisement

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের পর সালথা থানায় যে মামলাগুলো হচ্ছে, সেগুলো মূলত নিজেদের মধ্যে বিরোধের কারণে। বর্তমানে কোনো রাজনৈতিক মামলা হচ্ছে না। প্রতিহিংসাবশত কারো বিরুদ্ধে মামলা দেওয়া হবে না।

মাদক ও চাঁদাবাজি প্রতিরোধে সামাজিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রশাসনের কর্মকর্তা, চিকিৎসক, শিক্ষক ও এনজিও কর্মীদের সমন্বয়ে সামাজিক সংগঠন গড়ে তুলতে হবে। এসব সংগঠন গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করে সচেতনতা সৃষ্টি করবে।

এন কে বি নয়ন/এনএইচআর

Advertisement