ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এখন বড় পর্দাতেও নিজের অবস্থান শক্ত করেছেন। প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ দিয়ে দর্শকপ্রিয়তা পাওয়ার পর এবার আলোচনায় এসেছে এর সিক্যুয়েল। সবকিছু ঠিক থাকলে ‘সুড়ঙ্গ ২’ সিনেমা মুক্তি ডিসেম্বরে এমনটাই জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র।
Advertisement
জানা গেছে, ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ এরই মধ্যেই শুরু হয়েছে। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে প্রযোজনা সংস্থা। বর্তমানে ‘দম’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকি। এরপরই ‘সুড়ঙ্গ ২’ নিয়ে বড় ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। একই সময়ে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ব্লকবাস্টার ‘প্রিয়তমা’র সঙ্গে প্রতিযোগিতায় নেমেও আলোচনায় আসে ছবিটি। মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায় রায়হান রাফী পরিচালিত এই সিনেমা। নিশোর অভিনয়ও ব্যাপক প্রশংসিত হয়।
গত বছরের শেষ দিকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে ‘সুড়ঙ্গ ২’ নিয়ে কথা বলেন আফরান নিশো। তখন শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তিনি জানান, ছবিটি নিয়ে পরিকল্পনা চলছিল, তবে শারীরিক সমস্যার কারণে কিছুটা দেরি হচ্ছে। নিশো বলেন, তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং স্পাইনে সমস্যা রয়েছে। পুরোপুরি সুস্থ হতে সার্জারির প্রয়োজন হতে পারে।
Advertisement
পরে বিষয়টি নিয়ে মজাও করেন এই অভিনেতা। নিশো বলেন, “এটা আগে কখনো বলা হয়নি। প্রথমবার এখানে বললাম। জানলে অনেকে হয়তো কাজে নেবে না, বলবে তুমি তো খুড়া, পা ভাঙা।”
আরও পড়ুন:বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি নতুন পরিচয়ে আরশ খান
‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর পাশাপাশি অভিনয় করেছিলেন তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ারসহ আরও অনেকে।
এমআই/এমএমএফ
Advertisement