Advertisement
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান অস্থিরতা ও সংঘাতের প্রেক্ষাপটে জরুরি সংবাদ সম্মেলন করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। এসময় সংগঠনটি শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে 'গুপ্ত ও গোপন ক্যাডারভিত্তিক রাজনীতি নিষিদ্ধ'সহ ৪ দফা দাবি উত্থাপন করেছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী। সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মাহমুদুল হাসান তকি।
সংবাদ সম্মেলনে রিদওয়ান মাযহারী বলেন, ৫ আগস্টের গণআন্দোলনের মাধ্যমে যে প্রত্যাশা নিয়ে ছাত্র-জনতা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল, বর্তমানে সেই প্রত্যাশা হুমকির মুখে পড়েছে। সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ও অনিশ্চয়তা সৃষ্টি করছে।
Advertisement
তিনি বলেন, ক্যাম্পাস কোনো সংগঠনের পেশিশক্তি প্রদর্শনের স্থান হতে পারে না। শিক্ষাঙ্গনে সহিংসতা, আধিপত্যবাদ ও লাঠিয়াল সংস্কৃতিকে ছাত্র জমিয়ত প্রত্যাখ্যান করে।
সংগঠনটির পক্ষ থেকে ‘গুপ্ত রাজনীতি’ বা গোপন সাংগঠনিক কার্যক্রমেরও সমালোচনা করা হয়। নেতারা বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে গোপন রাজনৈতিক কার্যক্রমের কোনো সুযোগ নেই। সব রাজনৈতিক কর্মকাণ্ড হতে হবে উন্মুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক।
তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো রাজনৈতিক দলের টর্চার সেল নয়, বরং এটি জ্ঞানচর্চার সর্বোচ্চ বিদ্যাপীঠ। হলে সিট বাণিজ্য, বড় ভাই সংস্কৃতি ও শিক্ষার্থীদের ওপর রাজনৈতিক চাপ বন্ধ করতে হবে।
সংবাদ সম্মেলন থেকে ছাত্র জমিয়ত চার দফা দাবি তুলে ধরে। দাবিগুলো হলো-
Advertisement
১. ক্যাম্পাসে সংঘর্ষে জড়িত সব পক্ষকে জবাবদিহির আওতায় এনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
২. গুপ্ত ও গোপন ক্যাডারভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
৩. প্রতিটি হলের গেস্টরুম ও গণরুম প্রথার অবসান ঘটিয়ে মানবিক আবাসন নিশ্চিত করতে হবে।
৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে কোনো একক সংগঠনের পেশিশক্তির চারণভূমি হতে দেওয়া যাবে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি নুর হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সহসাধারণ সম্পাদক বায়জিদ আহমাদ, সাংগঠনিক সম্পাদক ইনআমুল হাসান নাইম, প্রচার সম্পাদক আহমাদ আল গাজি, নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক আবুল হাসানাত মেহরাব, ঢাকা মহানগর পূর্বের সহসভাপতি কামরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এফএআর/জেএইচ