বরগুনার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ১২৬০ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ঘটনায় মো. সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Advertisement
শনিবার (২৫ এপ্রিল) রাতে পাথরঘাটা উপজেলা মাছের খাল বাজার সংলগ্ন এলাকার সাইফুল স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
রোববার (২৬ এপ্রিল) দুপুরের দিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের মিডিয়া কর্মকর্তা লে. মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেন।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, বৈশ্বিক পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রি করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পাথরঘাটা উপজেলার মাছের খাল বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ‘সাইফুল স্টোর’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত করা ১ হাজার ২৬০ লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জ্বালানির আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৫৮ হাজার ৯০০ টাকা।
Advertisement
পরে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে জ্বালানি মজুতের দায়ে ব্যবসায়ী মো. সাইফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি উদ্ধারকৃত জ্বালানি সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে পাথরঘাটার ইউএনও তাপস পাল জাগো নিউজকে বলেন, কোস্টগার্ডের অভিযানে অবৈধভাবে মজুত ও বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় ব্যবসায়ী মো. সাইফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নুরুল আহাদ অনিক/এমএন/এমএস
Advertisement