ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে আধুনিক ‘আইভি থ্রম্বোলাইসিস’ চিকিৎসা পদ্ধতি, যা স্ট্রোক আক্রান্ত রোগীদের দ্রুত সুস্থ করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Advertisement
রোববার (২৬ এপ্রিল) ঢামেক হাসপাতালের হাইপার একিউট স্ট্রোক ইউনিটে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকরা জানান, ‘টাইম ইজ ব্রেইন’—অর্থাৎ স্ট্রোকের ক্ষেত্রে প্রতিটি মিনিটই অত্যন্ত মূল্যবান। নির্ধারিত সময়ের মধ্যে চিকিৎসা শুরু করতে পারলে রোগীর জীবন ও কর্মক্ষমতা অনেকাংশে ফিরিয়ে আনা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, যেসব রোগীর স্ট্রোক রক্তনালী ব্লক হয়ে (ইস্কেমিক স্ট্রোক) ঘটে, তারা যদি স্ট্রোকের লক্ষণ শুরু হওয়ার ৪ থেকে সাড়ে ৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে পৌঁছাতে পারেন, তাহলে থ্রম্বোলাইসিসের মাধ্যমে ব্লক হওয়া রক্তনালী খুলে দেওয়া সম্ভব। এতে মস্তিষ্কের ক্ষতি কমে এবং রোগী দ্রুত সুস্থ হওয়ার সুযোগ পান।
নিউরোলজি বিভাগের চিকিৎসকরা জানান, এই আধুনিক চিকিৎসা পদ্ধতি চালুর ফলে এখন থেকে ঢামেক হাসপাতালে জরুরি ভিত্তিতে স্ট্রোক রোগীদের উন্নতমানের চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে সাধারণ মানুষকে স্ট্রোকের লক্ষণ সম্পর্কে সচেতন হয়ে দ্রুত হাসপাতালে আসার আহ্বান জানানো হয়েছে।
Advertisement
তারা বলেন, হঠাৎ মুখ বেঁকে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, শরীরের একপাশ অবশ হয়ে যাওয়া—এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে হবে। কারণ, দ্রুত চিকিৎসাই পারে একজন স্ট্রোক রোগীর জীবন বাঁচাতে এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।
এসইউজে/এমকেআর