ওমান সফর শেষে দুই দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ইসলামাবাদে ফিরেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইসলামাবাদ সফর শেষে আরাঘচি রাশিয়া সফরে যাবেন বলে সংবাদ প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি।
Advertisement
ওমানে যাবার আগে শনিবার (২৫ এপ্রিল) ইসলামাবাদে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছে ইরানের প্রতিনিধি দল। বৈঠক শেষে শনিবার রাতে মাস্কাট-এ যান আরাঘচি। রোববার (২৬ এপ্রিল) ওমানের সুলতান হাইথাম বিন তারিক-এর সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী।
এরপর রোববার সন্ধ্যায় তিনি আবার ইসলামাবাদে ফিরে আসেন। এখানে তিনি আঞ্চলিক সর্বশেষ পরিস্থিতি নিয়ে পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে আরও আলোচনা করবেন। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে যুদ্ধবিরতি বিষয়ে তেহরানের অবস্থান তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
পারমাণবিক অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির অভিযোগ এনে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ‘অপারেশন এপিক ফিউরি’ নামের এই অভিযানে ইরানের সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক অবকাঠামোতেও হামলা চালানো হয়। পরে ইরানের ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ।
Advertisement
১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনা হলেও দীর্ঘমেয়াদি সমাধানে কোনো সমঝোতা হয়নি। এই আলোচনা বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।
ইরানের লিগাল মেডিসিন অর্গানাইজেশন সংস্থার তথ্য মতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যৌথবাহিনীর হামলায় ৩ হাজার ৩৭৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। এছাড়া এই যুদ্ধে ইরানে ২৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।
কেএম
Advertisement