জাতীয়

দেড় ঘণ্টার বৃষ্টিতে পুরান ঢাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে সাধারণ মানুষ

পুরান ঢাকায় বিকেলের টানা বৃষ্টিতে অন্ধকার নেমে আসে আশপাশে। প্রায় দেড় ঘণ্টার বর্ষণে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে জলাবদ্ধতা সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়েন পথচারী, যানবাহন চালক ও অফিস ফেরত মানুষ।

Advertisement

রোববার (২৬ এপ্রিল) বিকেলে শুরু হওয়া বৃষ্টি থেকে বাঁচতে অনেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আশ্রয় নেন। কিন্তু টানা বৃষ্টিতে সেখানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

ফলে অফিসফেরত কর্মকর্তা-কর্মচারী, সাধারণ পথচারী এবং আশ্রয় নেওয়া মানুষ সবাইকেই ভোগান্তিতে পড়তে হয়। অনেককে ময়লা পানি মাড়িয়ে চলাচল করতে দেখা যায়। যানজট না থাকলেও সড়কে যানবাহনের গতি ছিল অত্যন্ত ধীর।

কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা পথচারী মো. কামরুল হাসান বলেন, হঠাৎ এত বৃষ্টি শুরু হয়েছে, কোথাও দাঁড়ানোর জায়গা নেই। পানি জমে যাওয়ায় হাঁটাও কষ্টকর হয়ে গেছে।

Advertisement

দেড় ঘণ্টার বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় নাগরিক ভোগান্তি/ছবি: জাগো নিউজ

অফিস ফেরত কর্মচারী নাজমুল হক বলেন, ডিউটি শেষে বের হয়েই বৃষ্টিতে আটকে গেছি। ভেবেছিলাম কিছুক্ষণ পর থেমে যাবে, কিন্তু উল্টো পানি আরও বেড়ে গেছে।

এক দোকান কর্মচারী রাশেদুল ইসলাম বলেন, প্রায়ই এই জায়গায় পানি জমে। একটু বৃষ্টি হলেই আমাদের চলাফেরা বন্ধ হয়ে যায়।

অটোরিকশাচালক মো. সোহেল রানা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তায় পানি জমে থাকায় গাড়ি চালানো খুব কঠিন হয়ে গেছে। যাত্রীও কমে গেছে, আয়ও কম।

Advertisement

অন্যদিকে অপেক্ষমাণ নারী যাত্রী সাবিনা ইয়াসমিন বলেন, বৃষ্টি থেকে বাঁচতে এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু এখন এখানেও পানি ঢুকে গেছে। বের হওয়াই কঠিন হয়ে পড়েছে। 

এমডিএএ/এমএমকে