লাইফস্টাইল

ঘুমের মধ্যে লালা ঝরা কি রোগের লক্ষণ?

সকালে ঘুম থেকে উঠে বালিশ ভেজা দেখে অনেকেই অস্বস্তিতে পড়েন। ঘুমের মধ্যে লালা পড়ে যাওয়ার বিষয়টি যেমন বিব্রতকর, তেমনি এটি কোনো শারীরিক সমস্যার ইঙ্গিত কিনা? এই প্রশ্নও মনে আসে। বাস্তবে, অনেকের এই অভ্যাস থাকলেও লজ্জা বা দ্বিধার কারণে তারা এ নিয়ে কারও সঙ্গে কথা বলেন না।

Advertisement

চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে, বেশিরভাগ ক্ষেত্রেই ঘুমের মধ্যে লালা ঝরা গুরুতর কোনো অসুখের লক্ষণ নয়। বরং এটি শরীরের স্বাভাবিক একটি প্রক্রিয়ার অংশ। আমরা যখন ঘুমাই, তখন শরীরের পেশীগুলো ধীরে ধীরে শিথিল হয়ে যায়। গভীর ঘুমে মুখের পেশীগুলোও ঢিলে হয়ে পড়ে এবং লালা গিলে ফেলার স্বাভাবিক প্রক্রিয়া কিছুটা ধীর হয়ে যায়। ফলে মুখে জমে থাকা লালা বাইরে বেরিয়ে আসতে পারে, এটিকেই বলা হয় ড্রুলিং।

এই সমস্যার অন্যতম কারণ হলো শোয়ার ভঙ্গি। যারা পাশ ফিরে বা উপুড় হয়ে ঘুমান, তাদের ক্ষেত্রে মাধ্যাকর্ষণের কারণে লালা সহজেই মুখ থেকে বেরিয়ে আসে। বিপরীতে, যারা চিৎ হয়ে শোন, তাদের লালা গলার দিকে চলে যায় এবং সহজে গিলে ফেলা যায়। তাই শোয়ার ভঙ্গি সামান্য পরিবর্তন করলেই অনেক সময় এ সমস্যা কমে যায়।

আরও পড়ুন: আদা-মধু-কালিজিরায় মিলতে পারে বড় উপকার গরম পানি নয়, লেবু খাবেন স্বাভাবিক পানিতে

মুখ দিয়ে শ্বাস নেওয়ার প্রবণতাও একটি বড় কারণ। সর্দি, অ্যালার্জি বা সাইনাসের সমস্যায় নাক বন্ধ থাকলে অনেকেই বাধ্য হয়ে মুখ দিয়ে শ্বাস নেন। এতে ঘুমের সময় মুখ খোলা থাকে, ফলে লালা বাইরে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই নাক পরিষ্কার রাখা এবং প্রয়োজন হলে চিকিৎসা নেওয়া জরুরি।

Advertisement

কিছু ক্ষেত্রে শরীরে অতিরিক্ত লালা তৈরি হলেও এ সমস্যা দেখা দিতে পারে। যেমন অ্যাসিড রিফ্লাক্স থাকলে শরীর বেশি লালা উৎপন্ন করে, যা ঘুমের সময় বেরিয়ে আসতে পারে। আবার কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও লালা বাড়তে পারে।

তবে কিছু জটিল রোগের ক্ষেত্রেও ঘুমের মধ্যে লালা ঝরার বিষয়টি দেখা যায়। যেমন- পারকিনসনস ডিজিজ বা স্ট্রোকের রোগীদের ক্ষেত্রে লালা গিলে ফেলার ক্ষমতা কমে যেতে পারে। এ ধরনের পরিস্থিতিতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

কীভাবে নিয়ন্ত্রণ করবেন? চিৎ হয়ে ঘুমানোর অভ্যাস করুন, এতে লালা সহজে গিলে ফেলা যায় নাক বন্ধ থাকলে তার চিকিৎসা নিন, যেন স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারেন নিয়মিত কোনো ওষুধ খেলে তার পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে চিকিৎসকের সঙ্গে কথা বলুন দাঁতের সমস্যা থাকলে ডেন্টাল গার্ড ব্যবহার করতে পারেন

সবকিছু মিলিয়ে, ঘুমের মধ্যে লালা ঝরা সাধারণত ক্ষতিকর নয়। তবে দীর্ঘদিন ধরে চলতে থাকলে বা অন্য কোনো উপসর্গের সঙ্গে দেখা দিলে অবহেলা না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।

তথ্যসূত্র: স্লিপ ফাউন্ডেশন, হেলথলাইন

Advertisement

জেএস/