রাজধানীর মেরাদিয়ায় সম্পত্তি-সংক্রান্ত বিরোধ কেন্দ্র করে শিশু সাফওয়ান আল নিনাদ (৮) হত্যার দায়ে তার নানা ও নানিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
Advertisement
সোমবার (২৭ এপ্রিল) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জহিরুল ইসলাম ওরফে লুড্ডু এবং তার স্ত্রী খাদিজা আক্তার রাণী। আদালত প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে একটি অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা এবং বাকি অর্থ ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় জামিনে থাকা দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পরপরই তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে কারাগারে পাঠানো হয়।
Advertisement
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ১৫ জুন রাতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় বনশ্রীর ন্যাশনাল আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী সাফওয়ান। পরদিন ঈদুল ফিতরের দিন দুপুরে বাসার কাছেই একটি বেকারি পণ্যবাহী ভ্যানের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওইদিনই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা করেন শিশুটির বাবা স্বপন বেপারী। তদন্তের বিভিন্ন ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত মামলার দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটির তদন্তে উঠে আসে, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এরপর অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মাইনুল ইসলাম ২০২১ সালের ৮ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরের বছরের ২২ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু হয়।
আদালত সূত্রে জানা গেছে, মামলার শুনানিকালে আদালত মোট ২০ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
Advertisement
এমডিএএ/একিউএফ