খেলাধুলা

দল থেকে বাদ পড়াদের কথা শুনবেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার

বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ পড়ার পর অনেক ক্রিকেটারই নানা সময়ে অভিযোগ তুলেছেন যে, তাদেরকে বিষয়টা জানানো হয় না। এমনকি অনেকের দাবি থাকে, তারা কেন বাদ পড়লেন সেটাই বুঝতে পারছেন না। সেই ধারা এবার ভাঙতে চলেছে হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে যারা বাদ পড়েছেন তাদের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন, এরপর ঢাকায় ফিরে সামনাসামনিও বসবেন।

Advertisement

রোববার পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৬ জনের স্কোয়াড ঘোষণা করে নির্বাচক প্যানেল। সেই দল থেকে খালেদ আহমেদ, জাকের আলী বাদ পড়েছেন, দলে সুযোগ পাননি হাসান মাসুদও। এরপর আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচের মাঝে সংবাদ সম্মেলন করেন হাবিবুল বাশার।

সেখানে দল থেকে বাদ পড়াদের সঙ্গে কথা বলার প্রশ্নে তিনি বলেন, ‘দূর্ভাগ্যবশত আমি চিটাগাংয়ে ছিলাম, সামনাসামনি কথা বলতে পারিনি। মাঝখানে দুই দিনের জন্য ঢাকায় গিয়েছিলাম, ওরা ঢাকার বাইরে ছিল। আমি জাকের আলীর সাথে কথা বলেছি। ঢাকায় সামনাসামনি বসব। এমনি জানানো হয়েছে কেন সে বাদ পড়েছে। হাসান মুরাদের সাথে কথা হয়েছে, ক্যাপ্টেন কথা বলেছে। খালেদের সাথে ফোনে কথা হয়েছে। তবে আমি ব্যাখ্যা করেছি কেন বাদ পড়েছে; কিন্তু সামনাসামনি যখন বসব তখনও কথা বলবো।’

হাসান মুরাদ গত নভেম্বরে অভিষেক সিরিজে ২ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন। পরের সিরিজেই দলে নেই তিনি। এর ব্যাখ্যায় হাবিবুল বাশার বলেন, ‘এটা ট্যাকটিক্যাল কারণ। পারফরম্যান্সে কোনো ইস্যু ছিল না। কারণ হাসান মুরাদ গত সিরিজে ভালো বোলিং করেছে; কিন্তু পাকিস্তানের স্কোয়াডে বাঁ-হাতি ব্যাটার বেশি। এ কারণে হাসান মুরাদের জায়গায় নাঈম হাসানকে নেওয়া হয়েছে। নাঈমও কিন্তু ভালো খেলেও ট্যাকটিকাল কারণেই বাদ পড়েছে।’ খালেদকে বাদ দিয়ে তাসকিনকে নেওয়ার ব্যাখায় প্রধান নির্বাচক বলেন, ‘তাসকিন...! আমাদের মধ্যে আলোচনাটা বেশি হয়েছে খালেদ আর এবাদতকে নিয়ে। তাসকিন প্রায় অটোমেটিক চয়েস। মনে হয়েছে, খালেদ অনেক লাইন লেন্থ মেইনটেইন করতে পারে, তবে এবাদত আক্রমণাত্মক বোলিং করতে পারে বেশি। খালেদ খারাপ বোলিং করেনি, সেও ভালো বোলিং করেছে।’

Advertisement

তাসকিন শেষবার টেস্ট খেলেছিল ২০২৪ সালে। টেস্ট খেলার জন্য তিনি ফিট কিনা এমন প্রশ্নে হাবিবুল বাশার বলেন, ‘তাসকিন টেস্ট ম্যাচ খেলার জন্য ফিট- এমন রিপোর্টই আমরা পেয়েছি। লম্বা ফরম্যাটে অনেকদিন না খেললেও, তাসকিন যখনই খেলেছে আমি মনে করি এই মুহূর্তে সে তার সেরাতেই আছে। আর টেস্ট ম্যাচেও যখন খেলেছে, খারাপ করেনি। যেহেতু সে ফিট আছে এবং তাকে নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে, তাই আমরা তাসকিনকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলাব। তার ওয়ার্কলোড ম্যানেজ করে টি-টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট- এই তিন ফরম্যাটেই খেলানোর পরিকল্পনা আছে। এভাবে ম্যানেজ করতে পারলে আমরা তাকে নিয়মিত খেলাতে পারব।’

তাসকিন আর মোস্তাফিজুর রহমানকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে তাসকিন এই সিরিজেও খেলতে চেয়েছিলেন, হাবিবুল বাশার বলেন, ‘তাসকিন সবসময় খেলতে খুব আগ্রহী। আসলে এই টি-টোয়েন্টি সিরিজটাও সে খেলতে চেয়েছিল; কিন্তু যেহেতু আমাদের টেস্ট পরিকল্পনায় সে আছে, তাই তাকে টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি। তাই বলা যায়, সে ভালো আছে এবং পুরোপুরি ঠিক আছে।’

এসকেডি/আইএইচএস/

Advertisement