রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।
Advertisement
সোমবার ভোরে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছান আরাঘচি। সেখানে তিনি পুতিন ছাড়াও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান অ্যাডমিরাল ইগর কোস্তিউকভের সঙ্গে বৈঠক করেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর গুরুত্ব অতিমূল্যায়ন করা কঠিন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা বর্তমানে স্থবির হয়ে আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইসলামাবাদে তার দূতদের পরিকল্পিত সফর বাতিল করেন। তিনি বলেন, আলোচনায় আগ্রহী হলে ইরান নিজেই যোগাযোগ করতে পারে।
Advertisement
অন্যদিকে, তেহরান জানিয়েছে—যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং ইসরায়েলি হামলা চলতে থাকলে সরাসরি আলোচনা অর্থহীন।
চলমান সংঘাতে রাশিয়া নিজেকে ইরানের গুরুত্বপূর্ণ কূটনৈতিক অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করেছে। বিশ্লেষকদের মতে, এই বৈঠকে যুদ্ধবিরতি পরিস্থিতি এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে সমন্বয়ই ছিল প্রধান আলোচ্য বিষয়।
বিশেষজ্ঞদের ধারণা, মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে রাশিয়া-ইরান সমন্বয় ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র: আরটি
Advertisement
এমএসএম