ধর্ম

সিজদার আয়াত পড়লে কেন সিজদা দিতে হয়? যা বললেন শায়খ আহমাদুল্লাহ

কোরআনের সিজদার আয়াতগুলো পড়লে সিজদা করা ওয়াজিব আমরা জানি। কিন্তু শরিয়তের এই বিধানের কারণ কী—এটা অনেকেরই অজানা। এক আলোচনা অনুষ্ঠানে শায়খ আহমাদুল্লাহকে প্রশ্নটি করা হয়।

Advertisement

উত্তরে শায়খ আহমাদুল্লাহ বলেন বলেন, “কোরআনের কিছু সিজদার আয়াতে সরাসরি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন: ‘আল্লাহর উদ্দেশ্যে সিজদা করো।’ নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন এসব আয়াত পড়তেন, তিনি সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়তেন। আমরাও তাঁর অনুসরণে এসব আয়াত পাঠ করলে সিজদা করি।

আবার কিছু আয়াতে সরাসরি সিজদার নির্দেশ নেই, বরং আল্লাহর প্রিয় বান্দাদের সেজদায় লুটিয়ে পড়ার ঘটনা বর্ণিত হয়েছে। নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন এসব আয়াত পড়তেন, তিনি তাদের অনুসরণে সিজদা করতেন। আমরাও নবীজির (সা.) এই আমল অনুসরণ করি।

সুতরাং সেজদার আয়াত পড়লে সিজদা দেওয়ার কারণ হলো—কখনো আল্লাহর সরাসরি নির্দেশ মানা, কখনো আল্লাহর প্রিয় বান্দাদের অনুসরণ করা, আর সবসময় আমরা মূলত নবীজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সুন্নাহর অনুসরণ করি।

Advertisement

যদি এই বিধানের যুক্তি জানা না থাকতো, তবুও নবীজি (সা.) করেছেন বলে আমরাও করতাম। মানুষের যুক্তি সময়ের সাথে বদলায়। ইসলামের অনেক বিষয় আমাদের সীমিত বোধগম্যতায় অযৌক্তিক মনে হতে পারে, কিন্তু আল্লাহর নির্দেশের সামনে যুক্তি নয়, ইমানই আসল। মুমিন আল্লাহর গোলাম, নফসের গোলাম নয়। সে বলে, আমার আল্লাহ বলেছেন, সেটাই যথেষ্ট।”

সূত্র: ইসলামী প্রশ্নোত্তর

ওএফএফ

Advertisement