রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধি ও অডিটের জন্য রিটার্ন নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড ঝুঁকি-ভিত্তিক অডিট মানদণ্ডের ভিত্তিতে অটোমেটেড পদ্ধতিতে ২০২৩-২৪ করবর্ষের জন্য ২য় পর্যায়ে ৭২ হাজার ৩৪১টি রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে। এর আগে প্রথম পর্যায়ে জুলাই’২৫ মাসে র্যান্ডম সিলেকশন পদ্ধতিতে ১৫ হাজার ৪৯৪ টি মামলা অডিটের জন্য নির্বাচন করা হয়।
Advertisement
মঙ্গলবার (২৮ এপ্রিল) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানান।
তিনি বলেন, এই পদ্ধতিতে অডিট নির্বাচনের জন্য কয়েকটি সুনির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করে প্রত্যেক সার্কেলের জন্য সর্বোচ্চ ২০০ এবং সর্বনিম্ন ২০ জন করদাতাকে অডিটের জন্য নির্বাচন করা হয়েছে। এ নির্বাচন প্রক্রিয়ায় কোনো ম্যানুয়াল হস্তক্ষেপের কোনো সুযোগ না থাকায় অডিট নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ করার জন্য করদাতা এবং সুশীল সমাজের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।
তিনি আরও বলেন, স্বয়ংক্রিয় ব্যবস্থায় অডিটের জন্য নির্বাচিত টিআইএন নম্বরের তালিকা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে অডিট নির্বাচনের এই প্রক্রিয়া একদিকে যেমন জাতীয় রাজস্ব বোর্ডের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করবে তেমনি লক্ষ্যমাত্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Advertisement
এসএম/এমআইএইচএস