ধর্ম

ব্যবসার মূলধন ব্যয় করে হজ করা কি ফরজ?

প্রশ্ন: কোনো ব্যবসায়ী, যে তার ব্যবসার উপার্জনের ওপর নির্ভরশীল, যদি এই পরিমাণ সম্পদের মালিক হয় যে, হজের যাবতীয় খরচ ও হজ থেকে ফিরে আসা পর্যন্ত পরিবারের খরচ আদায় করা সম্ভব, কিন্তু হজ করলে ব্যবসার মূলধন থাকবে না। এই অবস্থায় কি তার ওপর হজ ফরজ?

Advertisement

উত্তর: না, ওই ব্যক্তি যেহেতু নিজের ব্যবসার উপার্জনের ওপর নির্ভরশীল, তার ওপর ব্যবসার মূলধন খরচ করে হজ করা ফরজ নয়।

হজ তার ওপর ফরজ যার হজ করার আর্থিক ও শারীরিক সামর্থ্য রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বায়তুল্লাহর হজ করা ফরজ। (সুরা আলে ইমরান: ৯৭)

এই ‘সামর্থ্য’ মানে মক্কায় গিয়ে হজের বিধান পালনের মতো সুস্থতা এবং নিজের মৌলিক খরচ বাদে হজের মৌসুমে মক্কায় যাওয়া-আসা-থাকার একান্ত প্রয়োজনীয় খরচ এবং এই সময়ে পরিবারের ভরণপোষণের প্রয়োজনীয় খরচ জমা থাকা।

Advertisement

একজন মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য যে উপকরণগুলো একান্ত প্রয়োজন, সেগুলো তাঁর মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত। নিজের পেশাসংশ্লিষ্ট সম্পদগুলো মৌলিক সম্পদের অন্তর্ভুক্ত। যেসব জমিজমা ও সম্পদের ওপর একজন ব্যক্তি নির্ভরশীল, তাও তার মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত। তাই গাড়ি-বাড়ি, চাষের জমি বিক্রি করে বা ব্যবসার মূলধন ব্যয় করে হজ করা ফরজ নয়।

তবে কারো যদি প্রয়োজন অতিরিক্ত একাধিক গাড়ি-বাড়ি থাকে, প্রচুর চাষের জমি থাকে, এগুলোর কিছু অংশ বিক্রি করে সে হজ আদায় করতে সক্ষম হয় এবং হজ থেকে ফিরে এসে বাকি সম্পত্তি দিয়ে জীবিকা নির্বাহ করতে পারে, তাহলে তার ওপর হজ ফরজ।

একইভাবে ব্যবসায়ীর মূলধনের কিছু অংশ ব্যয় করলে যদি হজ করা সম্ভব হয় এবং ফিরে এসে যদি বাকি মূলধন দিয়ে জীবিকা নির্বাহ করা যায়, তাহলে তার ওপরও হজ ফরজ।

ওএফএফ

Advertisement