খেলাধুলা

বিসিবি সভাপতির পদ থেকে তামিমের পদত্যাগের খবরটি ‘গুজব’

ভাবাবেগতাড়িত বাংলাদেশের মানুষের আবেগের সবচেয়ে বড় ক্ষেত্র এখন ক্রিকেট। ক্রিকেট নিয়ে যে কোনো খবর যেন ‘হট কেক’। তার সত্যতা থাকুক বা না থাকুক, খবরটি বস্তুনিষ্ঠ কি না- যাচাই-বাছাই না করেই তা নিয়ে হইচই শুরু হয়। এ কারণেই দিন দিন ক্রিকেট নিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ খবরের পাশাপাশি চারদিকে ছড়িয়ে পড়ছে প্রচুর গুজব।

Advertisement

এই যেমন গত ৪৮ ঘণ্টার সবচেয়ে আলোচিত খবর হলো- তামিম ইকবাল বিসিবি থেকে পদত্যাগ করবেন। খবরটি এমনভাবে প্রকাশিত, উপস্থাপিত ও চাউর হয়েছে, যা দেখে ও শুনে মনে হচ্ছে বিসিবির আহ্বায়ক কমিটির প্রধান বা সভাপতি পদ থেকে খুব শিগগির পদত্যাগ করবেন তামিম ইকবাল।

ভাবটা এমন, যে কোনো দিন তামিম ইকবাল বিসিবি প্রধানের পদ ছেড়ে দেবেন। খুব স্বাভাবিকভাবেই এটি একটি স্পর্শকাতর ইস্যু। অনেকেই উৎসাহী, আগ্রহী। সত্যিই কি তামিম ইকবাল বিসিবি ছাড়বেন? ছাড়ছেন?

কিন্তু কেউ খুঁটিয়ে দেখছেন না, তামিম ইকবাল এ মুহূর্তে পদত্যাগ করবেন কেন? এমন কী ঘটলো যে তামিম বিসিবি থেকে সরে দাঁড়াবেন? কেউ কেউ যুক্তি তুলছেন, বিসিবি নির্বাচনের আগে তামিম বোর্ডপ্রধানের পদ থেকে সরে দাঁড়াতে চাচ্ছেন।

Advertisement

যেহেতু তামিম ইকবালই বলেছেন যে জুনের প্রথম না হয় দ্বিতীয় সপ্তাহেই বিসিবি নির্বাচন করে ফেলবেন, তাই তারও আগেই তামিম বিসিবি প্রধানের চেয়ার ছেড়ে দেবেন। আবার কেউ কেউ এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন।

তারা বোঝানোর চেষ্টা করছেন, এটা শুধুই নির্বাচনসংক্রান্ত ব্যাপার নয়; এমন পরিস্থিতির উদ্ভব ঘটেছে যে তামিম নির্বাচনের আগেই বিসিবি সভাপতির পদ ছেড়ে দিতে চাচ্ছেন। সেই পক্ষ বোঝানোর চেষ্টা করছে যে তামিম নির্বাচন নাও করতে পারেন। তাই আগেভাগেই বোর্ড থেকে সরে দাঁড়ানো।

মোদ্দা কথা, তামিম ইকবালের হঠাৎ বিসিবি থেকে পদত্যাগের খবরটি বড় ধরনের বিভ্রান্তির খোরাক হয়েছে। সচেতন পাঠকরা অবশ্য চোখ-কান খোলা রেখেছেন। তারা জানার ও বোঝার চেষ্টা করছেন, আসল ঘটনা কী?

সবার আগে তারা নিশ্চিত হতে চাচ্ছেন, সত্যিই কি তামিম ইকবাল বিসিবি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন? নিয়ে থাকলে কারণ কী? আর সবশেষ কথা হলো, তামিম নিজে কি এমন কোনো ঘোষণা বা মন্তব্য দিয়েছেন?

Advertisement

বলা যায়, ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ মতো পরিস্থিতি। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তামিম ইকবাল এমন কোনো মন্তব্য করেছেন কি না?

এ ব্যাপারে তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তামিম ইকবালের খুব কাছের সবকটি সূত্র নিশ্চিত করেছে, তিনি কোথাও পদত্যাগের কথা বলেননি। ঘোষণা দেওয়ার প্রশ্নই আসে না। এটা ‘গুজব, প্রোপাগান্ডা।’

তামিম ইকবালের খুব আপনজনদের সঙ্গে কথা বলে শুধু এই তথ্যই মেলেনি, আরও একটি কথাও জানা গেছে। তারা জোরালো কণ্ঠে দাবি করেন, তামিম কোনোভাবেই বিসিবি প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে পারেন না। আর কেনইবা দেবেন?

বলা হয়েছে, ক্রিকেটপাড়া ও ক্রিকেটভক্তদের মধ্যে একটি ধারণা আছে যে, বিসিবির আহ্বায়ক কমিটির সদস্য থেকে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন করা যাবে না। তাই আগে আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করতে হবে।

আহ্বায়ক কমিটিতে থেকে নির্বাচন করা যাবে না- এমন খবর ও তথ্যকে অনেকে অমূলক এবং কল্পনাপ্রসূত মন্তব্য হিসেবে দেখছেন।

জাগো নিউজ সংশ্লিষ্ট সূত্রে খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছে যে, বিসিবির গঠনতন্ত্র এবং জাতীয় ক্রীড়া পরিষদের গঠনতন্ত্রের কোথাও এমন কথা লেখা নেই যে আহ্বায়ক কমিটিতে থেকে বিসিবি পরিচালনা পর্ষদে নির্বাচন করা যাবে না। পদত্যাগ করে তবেই নির্বাচন করতে হবে।

এ খবরটিরও কোনো ভিত্তি নেই। এনএসসি ও বিসিবির উচ্চপর্যায়ের সূত্র এ তথ্য নিশ্চিত করে। কাজেই আর বিভ্রান্তির কিছু নেই। তামিম ইকবালের পদত্যাগের এ সংবাদ অমূলক, মিথ্যা ও গুজব।

এআরবি/আইএইচএস/