খেলাধুলা

ফিফা সভাপতির বিশেষ নিরাপত্তা সুবিধা নাকচ করলো কানাডা পুলিশ

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভারে চলছে ফিফা কংগ্রেস। যেখানে সারা বিশ্বের সব ফুটবল ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও কনফেডারেশনের ফুটবল কর্তারা হাজির হয়েছে সেই কংগ্রেসে যোগ দিতে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর সভাপতিত্বে চলছে সেই কংগ্রেস।

Advertisement

কিন্তু এরই মধ্যে ভ্যাঙ্কুভারে ঘটেছে বিশেষ এক ঘটনা। ভ্যাঙ্কুভার পুলিশ ডিপার্টমেন্ট ফিফা সভাপতিকে বিশেষ পুলিশ মোটরকেড সুবিধা দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। চলমান ফিফা কংগ্রেসকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার ভ্যাঙ্কুভার পুলিশ বিভাগের ডেপুটি চিফ ডন চ্যাপম্যান এক বিবৃতিতে জানান, ‘আনুষ্ঠানিক মোটরকেড, যেখানে যান চলাচল বন্ধ রাখা হয়, তা শুধুমাত্র রাষ্ট্রপ্রধানদের জন্য সংরক্ষিত।’

তিনি আরও বলেন, ‘ফিফার নির্বাহীরা আন্তর্জাতিকভাবে সুরক্ষিত ব্যক্তি (আইপিপি) হিসেবে বিবেচিত হন না। তাই তাদের জন্য রাস্তা বন্ধ করে, ট্রাফিক সিগন্যাল অমান্য করে বা বিশেষ নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে মোটরকেড দেওয়ার যৌক্তিকতা নেই। এ কারণেই অনুরোধটি প্রত্যাখ্যান করা হয়েছে।’

Advertisement

তবে পরে এক বিবৃতিতে ফিফা দাবি করে, ইনফ্যান্তিনোর জন্য বিশেষ মোটরকেড চাওয়া হয়নি। ফিফার এক মুখপাত্র ইএসপিএনকে বলেন, ‘ফিফা কখনও সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর জন্য নির্দিষ্ট ধরনের পুলিশ মোটরকেড চায়নি। পরিবহন ও নিরাপত্তা সংক্রান্ত কোনো অনুরোধ সম্পর্কে সভাপতি নিজেও অবগত ছিলেন না কিংবা তিনি এতে জড়িত ছিলেন না।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আগের আয়োজনগুলোর মতোই স্থানীয় আয়োজক সংস্থা এফডব্লিউ২৬ কানাডা সব প্রতিনিধি, অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা ও যাতায়াত সহায়তার বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।’

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এ সপ্তাহে ভ্যাঙ্কুভারে একাধিক গুরুত্বপূর্ণ সভা করছে। ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক শহর ভ্যাঙ্কুভার। আগামী ফিফা বিশ্বকাপ ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যৌথভাবে আয়োজন করবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।

ফিফার বার্ষিক কংগ্রেস, যেখানে সদস্যভুক্ত সব দেশের প্রতিনিধিরা অংশ নেবেন, অনুষ্ঠিত হচ্ছে আজ (বৃহস্পতিবার)।

Advertisement

এদিকে ভ্যাঙ্কুভারের এই কংগ্রেসকে কেন্দ্র করে ইতোমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ফিফা। এর মধ্যে রয়েছে বিশ্বকাপে হলুদ কার্ডের নিয়মে পরিবর্তন, অংশগ্রহণকারী দলগুলোর জন্য বাড়তি প্রাইজমানি নিশ্চিত করা এবং শরণার্থী আফগান নারী ফুটবল দলকে আন্তর্জাতিক ফুটবে ফেরার অনুমতি দেওয়া।

আইএইচএস/