ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণ না করার বিষয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চেয়েছেন তিনি।
Advertisement
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এ প্রশ্ন করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্যকে বেধড়ক মারধর করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ জন্য এখনও কোনও মামলা নেয়নি।
নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি জানান, এই মামলা কেন নেওয়া হচ্ছে না, থানার ভেতর প্রবেশ করে ডাকসুর দুজন নির্বাচিত প্রতিনিধির ওপর হামলা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বড় ভূমিকা আছে বাংলাদেশের ও বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক আন্দোলনে।
Advertisement
গত ২৩ এপ্রিল রাজধানীর শাহবাগ থানার মধ্যে বিনা উসকানিতে সাংবাদিকদের ওপর হামলা করেন ছাত্রদলের নেতাকর্মীরা। গত ২৩ এপ্রিল সন্ধ্যায় থানা চত্ত্বরে এই হামলায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হন। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য। তবে এই হামলা চলাকালে নীরব দর্শকের ভূমিকা পালন করে শাহবাগ থানা পুলিশ। এ ঘটনায় ছাত্রদলের ১২ জনের নাম উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে শাহবাগ থানায় মামলা দায়ের করতে গেলে ৬ দিন পেরিয়ে গেলেও মামলা নেয়নি পুলিশ।
এফএআর/এমএন