ক্যাম্পাস

গাছের লিচু পেড়ে রুমে রুমে পৌঁছে দিলেন হল সংসদের নেতারা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজয়-২৪ হলের গাছগুলো থেকে লিচু পেড়ে প্রতিটি রুমে পৌঁছে দেওয়া হয়েছে।

Advertisement

শুক্রবার (১ মে) দুপুরে হল সংসদের নেতারা শিক্ষার্থীদের রুমে রুমে লিচু পৌঁছে দেন। এসময় উপস্থিত ছিলেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জামিরুল ইসলাম।

হল সূত্রে জানা যায়, হলের গাছগুলো থেকে প্রায় পাঁচ হাজার লিচু সংগ্রহ করা হয়। এসব লিচু পিএইচডি ব্লকসহ ১৩৫টি রুমে এবং হলের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে প্যাকেট আকারে বিতরণ করা হয়। প্রতিটি রুমে ২৫-৩০টি করে টাটকা লিচু পৌঁছে দেওয়া হয়।

বিজয়-২৪ হল সংসদের ভিপি রাসেল মিয়া বলেন, ‌‘গত বছরও আমরা বিজয়-২৪ হলের প্রতিটি লিচু গাছের ফল শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করেছিলাম। সেই ধারাবাহিকতায় এবছরও শিক্ষার্থীদের সহায়তায় গাছ থেকে লিচু সংগ্রহ করা হয়েছে। পরে সেগুলো প্রতিটি রুমে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।’

Advertisement

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক জামিরুল ইসলাম বলেন, ‘হলের একটি লিচু গাছে এবছর প্রচুর ফল ধরেছিল। আমরা সেগুলো সব শিক্ষার্থীর মাঝে বিতরণ করতে চেয়েছিলাম। লিচু সংগ্রহ করে প্রতিটি রুমে পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদেরও দেওয়া হয়েছে। সবাই মিলে উৎসবমুখর পরিবেশে এটি উপভোগ করেছি।’

মনির হোসেন মাহিন/এসআর/এএসএম