সবকিছুরই শেষ আছে। একটা সময় জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন। সেখানে তো সাবেক হয়েছেনই, এবার পেশাদার ফুটবলেও শেষ ম্যাচটা খেলে ফেললেন মামুনুল হক। বিদায়বেলায় তাকে জয় উপহার দিয়েছেন সতীর্থরা।
Advertisement
বিদায়ী ম্যাচ শুরুর আগে আগে মামুনুলকে গার্ড অব অনার দেন সতীর্থরা। ফর্টিস এফসি অধিনায়ক হিসেবে ম্যাচ শুরু করেন তিনি। কিক অফের পর প্রথম পাসটিও দেওয়া হলো মামুনুলকে। এরপর ২৫তম মিনিটে মাঠ ছাড়েন এই মিডফিল্ডার।
মাঠ ছাড়ার সময়ও মামনুল পেয়েছেন সতীর্থ-প্রতিপক্ষের অভ্যর্থনা। টানেলেও তাকে আলিঙ্গনে বাঁধলেন কেউ কেউ। পেশাদার ফুটবলের ইতি টেনে দেওয়ার মুহুূর্তে আবেগী হয়ে পড়লেন মামুনুল।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার মামুনুলের বিদায়ী ম্যাচে ফর্টিস এফসিও পেল রোমাঞ্চকর জয়। পাঁচ গোলের ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে তারা হারিয়েছে ৩-২ ব্যবধানে।
Advertisement
দিনের অন্য ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে আবাহনী। সহজ এই জয়ে লিগ টেবিলে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের উপর চাপ ধরে রেখেছে তারা। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে কিংস। ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী।
এমএমআর