দেশজুড়ে

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান বিএনপি নেতা সুইট

রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ সুইটকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান (গ্রেড-২) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের (চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা) উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এক বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ৫(২) অনুযায়ী তাকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেছে সরকার। অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এ নিয়োগ কার্যকর হবে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

Advertisement

জানতে চাইলে আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, আমাকে এই দায়িত্ব দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি যেন নিষ্ঠার সঙ্গে রাজশাহীর উন্নয়নে আমার এ দায়িত্ব পালন করতে পারি এজন্য সবার কাছে দোয়া চাই।

মনির হোসেন মাহিন/কেএইচকে/জেআইএম