বিনোদন

শাহরুখ খানের শুটিং সেটে সুমাইয়া শিমুর ক্যারিয়ারের শুরু

জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমুর অভিনয়জীবনের শুরু আজ থেকে ২৭ বছর আগে। তবে অভিনেত্রী হিসেবে নয়, বিনোদন অঙ্গনে তার প্রথম পদচারণা হয়েছিল মডেলিংয়ের মাধ্যমে। ‘ব্রিজ বিউটি সোপ’-এর একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেই প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। সেই বিজ্ঞাপনের শুটিং হয়েছিল ভারতের মুম্বাইয়ে।

Advertisement

সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে অংশ নিয়ে ক্যারিয়ারের শুরুর দিনের একটি চমকপ্রদ স্মৃতি শেয়ার করেন সুমাইয়া শিমু। তিনি জানান, যে বাড়িতে তার প্রথম বিজ্ঞাপনের শুটিং হয়েছিল, সেটিই ছিল জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র ‘আনজাম’-এ ব্যবহৃত সেই বাড়ি। সেখানে নায়ক বিজয় অগ্নিহোত্রীর বাসভবন দেখানো হয়েছিল। চলচ্চিত্রটির জনপ্রিয় গান ‘বাড়ি মুশকিল হ্যায়’-তেও বাড়িটি দেখা যায়।

শনিবার (১৩ জুন) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে এই বিশেষ পর্বটি। অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খানের সঙ্গে আলাপকালে ক্যারিয়ার, ব্যক্তিজীবন এবং বর্তমান কাজ নিয়ে নানা অজানা তথ্য তুলে ধরেন অভিনেত্রী।

সুমাইয়া শিমু জানান, বড় পর্দায় তাকে দেখা গেছে মাত্র একবার। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্যাচেলর’ চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পরবর্তীতে দেশের বেশ কয়েকজন খ্যাতিমান নির্মাতার কাছ থেকে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও সে সময় ছোটপর্দার ব্যস্ততার কারণে সেগুলোতে যুক্ত হননি।

Advertisement

অভিনয়ের পাশাপাশি শিক্ষাজীবনেও সফল সুমাইয়া শিমু। তিনি পিএইচডি ডিগ্রিধারী এবং বর্তমানে একজন উন্নয়নকর্মী হিসেবে কাজ করছেন। নিজের প্রতিষ্ঠানের মাধ্যমে বিশেষ করে নারীদের ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি।

অনুষ্ঠানটিতে নিজের পেশাগত যাত্রা, অভিনয়জীবনের নানা স্মৃতি এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড নিয়ে খোলামেলা আলোচনা করেছেন এই অভিনেত্রী।

জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর প্রযোজক জেড আই ফয়সাল।

 

এলআইএ

Advertisement