ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোতাহার হোসেন তালুকদার।
Advertisement
বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
মোতাহার হোসেন তালুকদার ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। এছাড়া গত জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর ধারা ৮(১) অনুযায়ী মোতাহার হোসেন তালুকদারকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে।
Advertisement
যোগদানের তারিখ থেকে আগামী এক বছরের জন্য তিনি ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২ পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত আদেশে এ নিয়োগ কার্যকর করা হয়েছে।এর আগে চলতি বছরের ২০ জানুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন। এর মধ্য দিয়ে ময়মনসিংহ নগরীর পরিকল্পিত উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, নগর ব্যবস্থাপনা ও টেকসই নগরায়ণের লক্ষ্যে কর্তৃপক্ষের কার্যক্রম শুরু হওয়ার পথ সুগম হয়।
নিয়োগের আদেশ পাওয়ার পর নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ময়মনসিংহ নগরীর সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে তিনি কাজ করবেন। নগর উন্নয়নের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।
হোসাইন সুলভ/কেএইচকে/জেআইএম
Advertisement