খেলাধুলা

৪ লাল কার্ড, ১৬ হলুদ: বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে উত্তপ্ত ম্যাচ ছিল যেটি

ফিফা বিশ্বকাপ আমাদের দিয়েছে অসংখ্য স্মরণীয় গোল, চমকপ্রদ অঘটন এবং ফুটবলের নান্দনিক মুহূর্ত। তবে এর পাশাপাশি কিছু ম্যাচ রয়েছে যা পরিচিত তাদের অতিরিক্ত শৃঙ্খলাভঙ্গ ও উত্তপ্ত পরিস্থিতির জন্য। ২০২৬ বিশ্বকাপ শুরুর সঙ্গে সঙ্গে একটি উদ্বোধনী ম্যাচে ইতোমধ্যেই তিনটি লাল কার্ড দেখা গেছে, যা আবারও এই টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ দিকটিকে সামনে এনেছে।

Advertisement

কিন্তু এটিও বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে কুখ্যাত বিশৃঙ্খলার ম্যাচের রেকর্ডের কাছেও পৌঁছাতে পারেনি। সেই অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি এমন একটি ম্যাচের দখলে, যা ফুটবলের জন্য নয়, বরং রেফারির বারবার পকেটে হাত ঢুকিয়ে কার্ড দেখানোর জন্যই বেশি মনে রাখা হয়।

পর্তুগাল বনাম নেদারল্যান্ডস (২০০৬)২০০৬ সালের জার্মানি বিশ্বকাপের শেষ ষোলোতে পর্তুগাল ও নেদারল্যান্ডসের ম্যাচটিকে বলা হয় ‘দ্য ব্যাটল অব ন্যুরেমবার্গ’। যেটি ইতিহাসে কুখ্যাত হয়ে আছে শৃঙ্খলাভঙ্গের কারণে। রাশিয়ান রেফারি ভ্যালেন্তিন ইভানভ ম্যাচটিতে রেকর্ড ২০টি কার্ড (৪ লাল কার্ড এবং ১৬ হলুদ কার্ড) দেখান। ম্যাচজুড়ে বারবার উত্তেজনা ও সংঘর্ষ দেখা গিয়েছিল।

ম্যাচটিতে লাল কার্ড পাওয়া খেলোয়াড়রা ছিলেন কস্তিনিয়া (পর্তুগাল), ডেকো (পর্তুগাল), খালিদ বুলাহরুজ (নেদারল্যান্ডস) এবং জিওভান্নি ভ্যান ব্রঙ্কহোর্স্ট (নেদারল্যান্ডস)।

Advertisement

শেষ পর্যন্ত পর্তুগাল ১-০ গোলে জয় পায়, তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় ছিল শৃঙ্খলাভঙ্গের এই বিষয়টি।

আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস (২০২২)২০২২ বিশ্বকাপের আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ইতিহাসে সবচেয়ে বেশি হলুদ কার্ড দেখার রেকর্ড গড়ে।

স্প্যানিশ রেফারি আন্তোনিও মাতেও লাহোজ এই ম্যাচে ১৮টি হলুদ কার্ড দেখান। ম্যাচজুড়ে উত্তেজনা চরমে পৌঁছায়, বিশেষ করে লিয়েন্দ্রো পারেদেস ডাচ বেঞ্চের দিকে বল শট করলে দুই দলের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। লাল কার্ড দেখেন নেদারল্যান্ডসের ড্যানজেল ডামফ্রিস।

টাইব্রেকারে ২-২ গোলে ড্রয়ের পর শেষ পর্যন্ত আর্জেন্টিনা পেনাল্টি শুটআউটে জয়ী হয়ে পরবর্তী রাউন্ডে অগ্রসর হয়। এই ম্যাচটি কাতার ২০২২ বিশ্বকাপের সবচেয়ে উত্তপ্ত ও আলোচিত লড়াইগুলোর একটি হিসেবে বিবেচিত হয়।

Advertisement

ফলে পর্তুগাল–নেদারল্যান্ডসের ম্যাচটিই এখনো বিশ্বকাপ ইতিহাসে একমাত্র ম্যাচ হিসেবে রয়ে গেছে, যেখানে চারজন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করা হয়েছিল।

এমএমআর