জাতীয়

নেপালের রাষ্ট্রপতি-স্পিকারসহ ৩৬০ বিশিষ্টজনকে বাংলাদেশের আম উপহার

নেপালের কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নেপালের বিশিষ্টজনের মাঝে বাংলাদেশের উৎকৃষ্ট ও সুস্বাদু আম উপহার দিয়েছে। এ বছরের ‘সিজনস বেস্ট কমপ্লিমেন্টস’ উদ্যোগের আওতায় শুভেচ্ছা ও সৌহার্দ্যের কূটনৈতিক নিদর্শন হিসেবে এ উপহার দেওয়া হয়।

Advertisement

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া শুক্রবার (১২ জুন) রাতে এ তথ্য জানান।

তিনি জানান, প্রায় ১হাজার ৭৫০ কেজিরও বেশি উন্নত মানের বাংলাদেশি আম কাঠমান্ডুতে অবস্থানরত নেপালের বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ, ব্যবসায়ী নেতা, সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং বাংলাদেশ ও এর জনগণের ঘনিষ্ঠ বন্ধু ও শুভানুধ্যায়ীদের কাছে উপহার হিসেবে পাঠানো হয়।

দূতাবাসের টিম নেপালের রাষ্ট্রপতি, স্পিকার ও মন্ত্রিপরিষদের সদস্যরাসহ ৩৬০ জনেরও বেশি প্রাপকের কাছে আমের প্যাকেটসমূহ পৌঁছে দেন।

Advertisement

আমগুলো বাংলাদেশের আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জের দুটি বাগান থেকে সদ্য সংগ্রহ করা। গুণগত মান ও সতেজতা নিশ্চিত করতে সেগুলো বাংলাবান্ধা বন্দর ব্যবহার করে, ফুলবাড়ি ল্যান্ডপোর্ট (শিলিগুড়ি সীমান্ত) এবং কাকরভিটা বন্দর হয়ে অতি সতর্কতার সঙ্গে কাঠমান্ডু পাঠানো হয়।

এ আমগুলো ছিল স্থানীয় জিআই সনদপ্রাপ্ত জনপ্রিয় ‘ক্ষীরশাপাত’ জাতের আম, যা দক্ষিণ এশিয়ার অন্যতম সুস্বাদু আম হিসেবে ব্যাপকভাবে সমাদৃত ও প্রশংসিত।

এ উদ্যোগ বাংলাদেশ ও নেপালের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন। এ শুভেচ্ছা উপহার উভয় বন্ধুত্বপূর্ণ দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে উষ্ণতা, সদিচ্ছা ও কূটনৈতিক সৌহার্দ্যের প্রতীক হিসেবে কাজ করছে।

নেপালে এ অনন্য ‘ম্যাংগো ডিপ্লোমেসি’ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে যারা অবদান রেখেছেন বাংলাদেশ দূতাবাস তাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে।

Advertisement

এএমএ