রাজনীতি

‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র’র প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির সমাবেশ

পতিত ফ্যাসিবাদী অপশক্তির সন্ত্রাস, নৈরাজ্য ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি।

Advertisement

শুক্রবার (১২ জুন) বিকেলে নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি প্রতিবাদ মিছিল জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জিইসি মোড়ে গিয়ে শেষ হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপির সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

সভাপতির বক্তব্যে এরশাদ উল্লাহ এমপি বলেন, গত ১৭ বছর ধরে দেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করে জনগণের অধিকার হরণ করা হয়েছে। গুম, খুন, লুটপাট ও দমন-পীড়নের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে ফেলা হয়েছে।

Advertisement

তিনি বলেন, সেই অপশাসনের পক্ষে যারা বিভিন্নভাবে যুক্ত ছিল, তাদের অপতৎপরতা এখনো থেমে নেই। তারা আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারবে না। যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

বিশেষ অতিথির বক্তব্য আবু সুফিয়ান এমপি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দেশের জনগণ ভয়, দমন-পীড়ন ও অনিয়মের মধ্যে ছিল। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচারী সরকারের পতন ঘটলেও পরাজিত শক্তির দোসররা এখনো সক্রিয় রয়েছে এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে। একটি মহল সরকারের স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করতে সারাদেশে নাশকতা ও খুন-খারাবির চেষ্টা চালাচ্ছে।

Advertisement

তিনি বলেন, জনগণ এখন সচেতন। এই ধরনের ষড়যন্ত্র আর কখনোই সফল হতে দেওয়া হবে না।গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে সাঈদ আল নোমান এমপি বলেন, পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী রাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করার অপচেষ্টায় এখনো লিপ্ত রয়েছে।

তিনি বলেন, অতীতে গুম, খুন ও লুটপাটের রাজনীতি করে তারা দেশকে গভীর সংকটে ফেলেছিল, যার ক্ষত এখনো সমাজে বিদ্যমান। পরাজিত শক্তির দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্রে ব্যস্ত।

তিনি বলেন, দেশের শান্তি ও শৃঙ্খলা বিনষ্টের যেকোনো প্রচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। নতুন রাজনৈতিক বাস্তবতায় ফ্যাসিবাদী রাজনীতির কোনো স্থান নেই বলেও তিনি মন্তব্য করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম রাসেল, শিহাব উদ্দিন মুবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, ইকবাল চৌধুরী, এম এ হান্নান, অধ্যাপক নুরুল আলম, এস এম আবুল ফয়েজ, মো. মহসিন, কামরুল ইসলাম, শিহাব উদ্দিন আলম, আনোয়ার হোসেন লিপু, জাফর আহমেদ, এ কে খান, মো. আজম, আশরাফুল ইসলাম, মো. ইউসুফ প্রমুখ।

উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, তাঁতী দলের আহ্বায়ক সেলিম হাফেজ ও সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদ।

এমআরএএইচ/এমএমকে