চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি তাদের সেই চেষ্টা প্রতিহত করেছে।
Advertisement
শুক্রবার (১২ জুন) রাত ১২টা ৪০ মিনিটে নওগাঁ ব্যাটালিয়নের অধীন রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুশ-ইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে রয়েছে ২ জন পুরুষ, ৮ জন নারী ও ৫ জন শিশু।
নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ১৫ জন ব্যক্তিকে নৌকাযোগে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। তবে বিজিবির তাৎক্ষণিক ও কার্যকর অবস্থানের কারণে ওই প্রচেষ্টা ব্যর্থ হয়। এসময় ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন।
পরে বিজিবির কঠোর অবস্থান ও তৎপরতার মুখে রাত ২টা ৪০ মিনিটে বিএসএফ সদস্যরা ওই ১৫ জনকে সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।
Advertisement
বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
সোহান মাহমুদ/এফএ