দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে জয়া আহসান ভক্তদের জন্য। অবশেষে মুক্তির তারিখ ঘোষণা করা হলো বহুল প্রতীক্ষিত ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’-এর। কলকাতার জনপ্রিয় নির্মাতা কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় তৈরি এই সিনেমাটি আগামী ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
Advertisement
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ দর্শকদের মন জয় করেছিল সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন ও আবেগঘন গল্পের মাধ্যমে। এবার সেই গল্পের ধারাবাহিকতা নিয়েই আসছে সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’।
নির্মাতা জানিয়েছেন, প্রথম ছবির ঘটনার কয়েক বছর পর একটি বিয়েকে কেন্দ্র করে আবার মুখোমুখি হবে সুমন, শুভ্রা ও মেঘনা। গল্পে নতুন করে যুক্ত হয়েছেন ইন্দ্রাশিস রায়।
এই ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন জয়া আহসান, কৌশিক সেন এবং চূর্ণী গাঙ্গুলী।
Advertisement
কৌশিক গাঙ্গুলী বলেন, ‘এবার গল্পে কিছু অজানা সত্য সামনে আসবে, যা সম্পর্কের জটিলতা আরও বাড়িয়ে দেবে।’
জয়া আহসান জানিয়েছেন, প্রথম ছবির মতো এই সিক্যুয়েলেও রয়েছে আরও পরিণত ও আবেগঘন গল্প। দর্শকের প্রত্যাশা পূরণ করাই এখন তাদের প্রধান চ্যালেঞ্জ।
মুক্তির আগে আজ প্রকাশ করা হবে ছবিটির ফার্স্টলুক, যা ঘিরে ইতোমধ্যে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে।
এলআইএ
Advertisement