দেশজুড়ে

সেশনজটমুক্ত শিক্ষা নিশ্চিত করতে এসএসসি পরীক্ষা কিছুটা এগিয়ে আনা হয়েছে

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীদের সেশনজটমুক্ত শিক্ষা নিশ্চিত করতে এসএসসি পরীক্ষা কিছুটা এগিয়ে আনা হয়েছে। সিলেবাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার সঙ্গে সমন্বয় করে ১৮ বছরের মধ্যে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার ব্যবস্থা করা হচ্ছে।

Advertisement

শনিবার (১৩ জুন) বিকেলে বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের একটি নতুন ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের মূল লক্ষ্য বাংলাদেশকে একটি শিক্ষিত জাতি হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

মন্ত্রী বলেন, ২০২৭ সালে পাঠ্যপুস্তক পরিমার্জন এবং ২০২৮ সালে জাতীয় শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন আনা হবে। বিশ্বায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে।

Advertisement

তিনি বলেন, শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের লক্ষ্যে একটি নীতিমালা প্রণয়ণ করে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হবে। আগামী জুলাই থেকে সারাদেশে মিড-ডে মিল কর্মসূচি চালু করা হবে। শিক্ষা শুধু জিপিএ-৫ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, শিক্ষাকে আনন্দময় ও সৃজনশীল করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এহছানুল হক মিলন বলেন, এবার নতুন শিক্ষাবর্ষের বই বিতরণে আর কোনো বিলম্ব হবে না। পরীক্ষা শেষ হওয়ার পর ডিসেম্বর মাসের মধ্যেই সব পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে। শিক্ষার মানোন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালু করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষকদের পাঠদান কার্যক্রম সরাসরি শিক্ষা মন্ত্রণালয় থেকে পর্যবেক্ষণ করা হবে।

পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ড. নুসরাত ফাতেমার সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকার দলীয় হুইপ ও সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির প্রমুখ।

মো.আকাশ/কেএইচকে/এমএস

Advertisement