খেলাধুলা

কাতার-সুইজারল্যান্ডের হয়ে যারা নামছেন মাঠে

ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পরস্কর মুখোমুখি হচ্ছে কাতার ও সুইজারল্যান্ড। এই দুই দলের মধ্যকার ম্যাচকে সামনে রেখে শুরুর একাদশ ঘোষণা করা হয়েছে। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে উভয় দল। অভিজ্ঞতা ও তারকাখচিত স্কোয়াডে এগিয়ে থাকা সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা উজাড় করে দিতে প্রস্তুত কাতার।

Advertisement

কাতার কোচ হুলেন লোপেতেগুই ৪-৩-৩ ফরমেশনে দল সাজিয়েছেন। গোলপোস্টের নিচে আস্থা রাখা হয়েছে মাহমুদ আবুনাদার ওপর। রক্ষণভাগে থাকছেন আয়ুব আল উই, পেদ্রো মিগেল, বুয়ালেম খুখি এবং হোমাম এল আমিন। মাঝমাঠে দায়িত্ব পালন করবেন ইসা লায়ে, জাসেম গাবের ও আসিম মাদিবো। আক্রমণভাগে কাতারের সবচেয়ে বড় ভরসা আকরাম আফিফের সঙ্গে থাকছেন ইউসুফ আবদুরিসাগ এবং এডমিলসন জুনিয়র।

বেঞ্চেও রয়েছে বেশ কিছু অভিজ্ঞ মুখ। হাসান আল হাইদোস, আবদুলআজিজ হাতেম, মোহাম্মদ মুনতারি, করিম বুদিয়াফ, আলমোয়েজ আলি এবং লুকাস মেন্ডেসদের মতো খেলোয়াড়রা ম্যাচের পরিস্থিতি বদলে দিতে পারেন যেকোনো সময়।

অন্যদিকে সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন দল সাজাচ্ছেন ৩-৪-২-১ ফরমেশনে। গোলবার সামলাবেন বরুশিয়া ডর্টমুন্ডের নির্ভরযোগ্য গোলরক্ষক গ্রেগর কোবেল। তিনজনের রক্ষণভাগে থাকছেন নিকো এলভেদি, ম্যানুয়েল আকাঞ্জি এবং ডেনিস জাকারিয়া। উইং-ব্যাক হিসেবে খেলবেন মিশেল এবিশার ও অভিজ্ঞ রিকার্ডো রদ্রিগেজ।

Advertisement

মাঝমাঠে সুইসদের সবচেয়ে বড় শক্তি গ্রানিত জাকা ও রেমো ফ্রয়লার জুটি। তাদের সামনে আক্রমণ তৈরির দায়িত্বে থাকবেন রুবেন ভার্গাস ও ড্যান এনদোয়ে। একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলবেন ব্রিল এম্বোলো, যিনি প্রতিপক্ষের রক্ষণে বড় হুমকি হয়ে উঠতে পারেন।

সুইজারল্যান্ডের বেঞ্চও সমান শক্তিশালী। আর্দন জাশারি, নোয়া ওকাফর, জেকি আমদুনি, ডিজিব্রিল সো, ফ্যাবিয়ান রিডার এবং সিলভান উইডমারের মতো খেলোয়াড়রা কোচের বিকল্প পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

ম্যাচ শুরুর আগে বিশ্লেষকদের মতে, কাগজে-কলমে সুইজারল্যান্ডই এগিয়ে। ইউরোপীয় দলটির রক্ষণ, মাঝমাঠ এবং আক্রমণ- তিন বিভাগেই রয়েছে অভিজ্ঞ ও আন্তর্জাতিক মানের খেলোয়াড়। বিশেষ করে জাকা, আকাঞ্জি ও এম্বোলোর মতো ফুটবলারদের উপস্থিতি তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।

তবে কাতারও হাল ছেড়ে দেওয়ার দল নয়। স্বাগতিক হিসেবে ২০২২ বিশ্বকাপের অভিজ্ঞতা রয়েছে তাদের। আকরাম আফিফ, আলমোয়েজ আলি ও হাসান আল হাইদোসদের মতো খেলোয়াড়রা বড় ম্যাচের চাপ সামলাতে জানেন। তাই বিশ্বকাপের এই লড়াইয়ে সুইজারল্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের প্রতিনিধিরা।

Advertisement

বিশ্বকাপের গ্রুপপর্বের এই ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করার লক্ষ্য দুই দলেরই। তবে মাঠের লড়াইয়ে অভিজ্ঞ সুইসরা নিজেদের আধিপত্য দেখাতে পারে কি না, নাকি কাতার চমক দেখাবে—সেটিই এখন দেখার অপেক্ষা।

কাতারের একাদশ (৪-৩-৩): মাহমুদ আবুনাদা, আইয়ুব আল উই, পেদ্রো মিগেল, বুয়ালেম খৌখি, হোমাম এল আমিন; ইসা লায়ে, জাসেম গাবের, আসিম মাদিবো; এডমিলসন জুনিয়র, ইউসুফ আবদুরিসাগ, আকরাম আফিফ।

সুইজারল্যান্ডের একাদশ (৩-৪-২-১): গ্রেগর কোবেল, নিকো এলভেদি, মানুয়েল আকাঞ্জি, ডেনিস জাকারিয়া; মিশেল এবিশার, রেমো ফ্রয়লার, গ্রানিত জাকা, রিকার্দো রদ্রিগেজ; রুবিন ভার্গাস, দান এনদোয়ে; ব্রিল এম্বোলো।

আইএইচএস/