ফরিদপুরের মধুখালীতে রবিউল আউয়াল আলফাদ নামে ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে জখম করা হয়েছে। এসময় তার কাছে থাকা তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
Advertisement
শনিবার (১৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার নওপাড়া বাজার থেকে বাগাট বাজার আঞ্চলিক সড়কের তারাপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিক্রয় প্রতিনিধি মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, একমি ওষুধ কোম্পানির (ভেটেরিনারি ডিভিশন) মধুখালী উপজেলার বিক্রয় প্রতিনিধি(রিপ্রেজেন্টেটিভ) রবিউল আউয়াল আলফাদ নওপাড়া বাজারসহ বিভিন্ন বাজারে কালেকশন শেষে বাগাট বাজারের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে নওপাড়া ইউনিয়নের তারাপুর খেয়াঘাট এলাকায় পৌঁছালে একাধিক মোটরসাইকেল নিয়ে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে জখম করে তার কাছে থাকা নগদ তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এ ব্যাপারে বিক্রয় প্রতিনিধি রবিউল আউয়াল আলফাদ বলেন, দিনব্যাপী মধুখালী উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে বকেয়া টাকা কালেকশন করি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওপাড়া বাজার থেকে কালেকশনের টাকাসহ বাগাট বাজারের উদ্দেশে রওনা হই। পথিমধ্যে তারাপুর খেয়াঘাট নির্জন এলাকায় পৌঁছালে দুইটি মোটরসাইকেল নিয়ে একাধিক ব্যক্তি আমার মোটরসাইকেলটির গতিরোধ করেন। এ সময় আমাকে কুপিয়ে জখম করে। এ সময় কাছে থাকা তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমার চিৎকারে এগিয়ে এসে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
Advertisement
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায়ের মোবাইল নম্বরে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। তিনি কল রিসিভ করেননি।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ গুরুত্ব সহকারে কাজ করছে।
এন কে বি নয়ন/এনএইচআর
Advertisement