দেশজুড়ে

চারদিন ধরে নিখোঁজ ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহত

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে ইকবাল হোসেন মালিতা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

Advertisement

শনিবার (১৩ জুন) বিকেলে রেলস্টেশনটির কাছে কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের কান্তপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত আলতাব হোসেন মালিতার ছেলে।

রেলওয়ে পুলিশ জানায়, খুলনা থেকে চিলাহাটি অভিমুখী রকেট এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ইকবাল হোসেনের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নিহতের বড় ভাই জানান, ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে ভবঘুরের মতো জীবনযাপন করতেন। চার দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যদের কাছে তিনি আত্মহত্যার ইচ্ছার কথাও জানিয়েছিলেন। এছাড়া তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। জীবিকার তাগিদে বিভিন্ন ট্রেনে ঘুরে তিনি ভিক্ষাবৃত্তি করতেন।

Advertisement

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই জগদীশ বলেন, ট্রেনে আঘাতপ্রাপ্ত হয়ে নিহত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

হুসাইন মালিক/এফএ/জেআইএম