প্রবাস

প্রবাসীদের মালদ্বীপের আইন মেনে চলার আহ্বান খলিলুর রহমানের

মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের প্রতি দেশটির আইন-কানুন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান।

Advertisement

সম্প্রতি মালদ্বীপ মদিনা জামাত আয়োজিত এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীদের উদ্দেশে মো. খলিলুর রহমান বলেন, “প্রবাসে বসবাসরত প্রতিটি বাংলাদেশি দেশের একজন দূত বা প্রতিনিধি। তাই নিজেদের আচরণ, কর্মক্ষেত্র ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখা আমাদের সবার নৈতিক দায়িত্ব।”

তিনি আরও উল্লেখ করেন, মালদ্বীপের আইন ও নিয়ম-কানুন মেনে চললে যেমন প্রবাসীরা ব্যক্তিগতভাবে নিরাপদ থাকতে পারবেন, তেমনি সামগ্রিকভাবে বাংলাদেশি কমিউনিটির সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। বিশেষ করে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড, অননুমোদিত ব্যবসা কিংবা আইনবহির্ভূত কাজে জড়িয়ে না পড়ার জন্য তিনি সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।

Advertisement

খলিলুর রহমান প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একটি সুসংগঠিত ও সচেতন প্রবাসী সমাজ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের বিপুল ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে প্রবাসীরা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। একই সাথে মালদ্বীপে প্রবাসীদের বিভিন্ন বিদ্যমান সমস্যা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং কমিউনিটির সার্বিক উন্নয়ন নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এমআরএম

Advertisement