আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৪ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন জমা দেওয়া হয়।
Advertisement
আদালতে দাখিল করা আবেদনে বলা হয়, আর এস ফাহিম বর্তমানে অন্য একটি মামলায় কারাগারে আটক রয়েছেন। তাকে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারিতে রমনা মডেল থানায় দায়ের করা মামলা এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানোর প্রয়োজন রয়েছে। আবেদনে তাকে সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, ৯ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর রমনা পার্কের হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন এলাকায় একটি গোপন ষড়যন্ত্রমূলক বৈঠকের তথ্য পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। ওই বৈঠকে অংশগ্রহণকারীরা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে রাষ্ট্রীয় কার্যক্রমে বাধা দেওয়ার পরিকল্পনা করছিল বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত ১ থেকে ৬ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হলেও ফাহিম চৌধুরীসহ কয়েকজন পলাতক ছিলেন।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা আবেদনে দাবি করেছেন, মামলার তদন্তকালে আর এস ফাহিম চৌধুরীর সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতেই তাকে উক্ত মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানানো হয়েছে।
Advertisement
আদালতে দাখিল করা নথিতে ফাহিম চৌধুরীর বিরুদ্ধে আরও কয়েকটি মামলার তথ্যও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের হওয়া একটি মামলা, গুলশান থানায় হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগে দায়ের হওয়া একটি মামলা এবং ধানমন্ডি থানায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা আরেকটি মামলার তথ্য রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আমির হামজা আদালতের কাছে আবেদন করে বলেন, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে আর এস ফাহিম চৌধুরীকে রমনা থানার এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন। আদালত আবেদনটি গ্রহণ করেছেন বলে জানা গেছে।
এমডিএএ/এমআইএইচএস
Advertisement