বিশ্বকাপ মানেই ব্রাজিল। ফুটবলের সবচেয়ে সফল দলটির নামের পাশে আছে পাঁচটি শিরোপা। তবে ২০২৬ বিশ্বকাপের যাত্রাটা জয় দিয়ে শুরু করতে পারেনি সেলেসাওরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ভিনিসিয়ুসরা।
Advertisement
তবে এই ড্রয়ের মধ্যেও একটি ঐতিহাসিক রেকর্ড অক্ষুণ্ন রেখেছে লাতিন আমেরিকার দলটি। বিশ্বকাপের প্রথম ম্যাচে হার না মানার যে ধারাবাহিকতা ব্রাজিল ধরে রেখেছে, তা এখন ৯২ বছরে গিয়ে দাঁড়িয়েছে।
বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিল প্রথম ম্যাচে হেরেছিল কেবল প্রথম দুই আসরে। ১৯৩০ সালে যুগোস্লাভিয়ার কাছে ২-১ গোলে এবং ১৯৩৪ সালে স্পেনের কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছিল তারা। এরপর ১৯৩৮ বিশ্বকাপ থেকে শুরু করে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নিজেদের উদ্বোধনী ম্যাচে আর কোনো হার দেখেনি ব্রাজিল।
এই দীর্ঘ সময়ে ব্রাজিলের বিশ্বকাপের ২২ টি প্রথম ম্যাচে তাদের জয় ১৭ টি। তিনটি ড্র ও দুটি হার। সর্বশেষ মরক্কোর বিপক্ষে ড্র করলেও পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হয়নি তাদের।
Advertisement
হার এড়িয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে অপরাজিত থাকার ব্রাজিলের রেকর্ড এখন টানা ৯২ বছরের। ১৯৩৪ সালের পর কেটে গেছে প্রায় এক শতাব্দী, কিন্তু বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলকে হারানোর কীর্তি আর কোনো দল গড়তে পারেনি।
মরক্কোর বিপক্ষে ড্রয়ের কারণে অবশ্য সমালোচনার মুখে পড়েছে ব্রাজিলের পারফরম্যান্স। তবে পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের শঙ্কা কাটিয়ে নিজেদের অন্যতম ঐতিহাসিক ধারাবাহিকতা ঠিকই ধরে রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এখন দেখার বিষয়, প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর ধাক্কা সামলে টুর্নামেন্টের বাকি পথ কতটা সফলভাবে এগোতে পারে ব্রাজিল। তাদের লক্ষ্য যে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
আরআই/আইএন
Advertisement