আন্তর্জাতিক

ইরান সফরে কাতারের প্রতিনিধিদল, যুদ্ধ বন্ধে চলছে কূটনৈতিক তৎপরতা

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরোপিত যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতা করছে কাতার ও পাকিস্তান। চলমান কূটনৈতিক প্রচেষ্টার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কাতারের একটি প্রতিনিধিদল তেহরান সফর করেছে।

Advertisement

রোববার (১৪ জুন) এই প্রতিনিধিদলটি ইরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি।

প্রতিবেদনের তথ্য মতে, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে চলমান কূটনৈতিক প্রক্রিয়ার অগ্রগতি পর্যালোচনা করছে কাতারের প্রতিনিধিরা। তবে, কাতারি প্রতিনিধিদলের সদস্যদের পরিচয় বা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, জেনেভা শহরে আলোচনা চলা অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় মার্কিন-ইসরায়েলি যৌথবাহিনী। এতে আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশকিছু শীর্ষ কর্মকর্তা নিহত হন। এর প্রতিবাদে ৩৯ দিনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ১০০ দফা হামলা চালায় ইরান।

Advertisement

এরপর ইরানের ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে ৭ এপ্রিল যুদ্ধবিরতির প্রস্তাব দেন ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ১১ এপ্রিল ইসলামাবাদে সরাসরি বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা। আলোচনা ফলপ্রসূ না হওয়া ১৩ এপ্রিল হরমুজে নৌ-অবরোধ আরোপ করা হয়। এরপর কয়েক দফা যুদ্ধবিরতির সময় বাড়ান ট্রাম্প।

ইরানের লিগ্যাল মেডিসিন সংস্থার তথ্যমতে, ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত সংঘাতে মোট ৩ হাজার ৩৭৫ জন নিহত হন, যার মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। এছাড়া জরুরি চিকিৎসা বিভাগের তথ্য অনুযায়ী, এই যুদ্ধে ১১৮ জন চিকিৎসাকর্মী আহত হন এবং ২৬ জন নিহত হন।

কেএম

Advertisement