বিশ্বকাপের আগে স্পেনের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ছিল লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই তরুণ তারকা গত ২২ এপ্রিল ক্লাবের হয়ে খেলতে গিয়ে চোটে পড়েছিলেন। এরপর থেকেই বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত সুখবরই পাচ্ছে স্প্যানিশ শিবির। ইয়ামাল এখন পুরোপুরি ফিট, যদিও কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তাকে শুরু থেকে নামানোর সম্ভাবনা কম।
Advertisement
এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে মাঠে নামার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ইয়ামাল এখন ‘পারফেক্ট কন্ডিশনে’ আছেন। তবে তার ফিটনেস নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না তিনি।
দে লা ফুয়েন্তে বলেন, ‘সবচেয়ে ভালো খবর হলো, লামিনে এখন একদম ভালো অবস্থায় আছে। আমরা যেভাবে তাকে এই পর্যায়ে দেখতে চেয়েছিলাম, সে ঠিক সেভাবেই এসেছে। পুরোপুরি ফিট। নিকো উইলিয়ামস এবং ভিক্টর মুনিওজও প্রস্তুত। তবে সবাই পুরো ৯০ মিনিট খেলবে না।’
ইয়ামালের পাশাপাশি চোটের কারণে নিকো উইলিয়ামস ও ভিক্টর মুনিওজকেও নিয়ে শঙ্কা ছিল। তবে জর্জিয়ার কেনেসো স্টেট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত স্পেনের সর্বশেষ অনুশীলনে তিনজনই পূর্ণাঙ্গভাবে অংশ নিয়েছেন।
Advertisement
স্পেন কোচ জানিয়েছেন, চিকিৎসকদের মতে ইয়ামাল ম্যাচে খেলতে প্রস্তুত। তবে তাকে পুরো ম্যাচ খেলানোর পরিকল্পনা নেই।
দে লা ফুয়েন্তে বলেন, ‘ডাক্তাররা বলেছেন লামিনে কোনো সমস্যা ছাড়াই আগামীকাল খেলতে পারবে। তবে ৯০ মিনিট নয়, কিছু সময় খেলতে পারবে। নিকো উইলিয়ামসের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। তারা দীর্ঘ সময় একসঙ্গে কাজ করেছে এবং এখন ভালো অবস্থায় আছে। ম্যাচের পরিস্থিতি দাবি করলে তারা মাঠে নামবে।’
বিশ্বকাপের আগে মেক্সিকোর বিপক্ষে স্পেনের শেষ প্রস্তুতি ম্যাচে খেলেননি ইয়ামাল। ফলে ধারণা করা হচ্ছে, কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে তাকে বদলি হিসেবে ব্যবহার করতে পারেন স্প্যানিশ কোচ।
এদিকে স্পেন শিবিরে আরেকটি আলোচিত বিষয় হচ্ছে মার্ক কুকুরেয়ার ক্লাব ভবিষ্যৎ। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন এই স্প্যানিশ লেফটব্যাক। নতুন কোচ হোসে মরিনহোর অধীনে দল গঠন করছে রিয়াল, আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই প্রায় ৬০ মিলিয়ন ইউরোর চুক্তিতে কুকুরেয়াকে দলে ভেড়ানোর খবর সামনে এসেছে।
Advertisement
তবে জাতীয় দলের ক্যাম্পে এসব বিষয়কে গুরুত্ব দিতে নারাজ দে লা ফুয়েন্তে। তিনি বলেন, ‘যদি এটি কুকুরেয়ার জন্য ভালো খবর হয়, তাহলে আমরা অবশ্যই খুশি হব। তবে আমি ক্লাব নিয়ে কথা বলতে চাই না। জাতীয় দলের কুকুরেয়ার কথা বলতে গেলে বলব, সে অসাধারণ খেলোয়াড়। ১৭ বছর বয়স থেকে তাকে চিনি। তার মান, সামর্থ্য ও সম্ভাবনা সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। সে নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা লেফটব্যাক।’
বিশ্বকাপে স্পেন রয়েছে গ্রুপ ‘এইচ’-এ। কেপ ভার্দের পাশাপাশি তাদের প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে। প্রথম ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। আর সেই মিশনে পুরো ম্যাচ না খেললেও লামিনে ইয়ামালের উপস্থিতি স্পেনের জন্য বড় স্বস্তির খবর।
আইএইচএস/