দেশজুড়ে

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০

মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১০ জন। সোমবার (১৫ জুন) সকালে মাদারীপুর সদরের ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করায় পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advertisement

এ ঘটনায় আহতরা হলেন- ঝিকরহাটি গ্রামের বন্দে আলী মোল্লার ছেলে নুরুজ্জামান মোল্লা (৩৫), মোতালেব ফকিরের ছেলে মাসুদ ফকির (৩৫), আব্দুল মজিদ খানের ছেলে হানিফ খান (৪৫) ও সিদ্দিক হাওলাদারের ছেলে কামরুল হাওলাদারসহ (২৫) আরও অনেকে। আহতরা মাদারীপুর জেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছেন। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে যাচ্ছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে ঝিকরহাট গ্রামের পলাশ খানের সঙ্গে একই এলাকার কবির মোল্লা ও রিপন খানের বিরোধ চলছে। এরই জেরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হন। ১২টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় পুলিশের দুটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এখনো কাউকে আটক করা যায়নি।

Advertisement

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, ‘পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/এমএস