অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও চলচ্চিত্র নির্মাতা গাজী রাকায়েতের ৬০তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে আজ ১৫ জুন ও আগামীকাল ১৬ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
Advertisement
আয়োজনের প্রথম দিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে তার নির্দেশিত নাটক ‘নানা রঙের দিন’। নাটকটির এটি ১০১তম প্রদর্শনী। পরে প্রদর্শিত হবে তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি লাশের গল্প’। দ্বিতীয় দিন একই সময়ে প্রদর্শিত হবে গাজী রাকায়েত পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মানুষটিকে দেখ’, যা গত ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
জন্মবার্ষিকী উদযাপন প্রসঙ্গে গাজী রাকায়েত বলেন, ‘জন্মদিন উদযাপনে বিশেষ আগ্রহ না থাকলেও ৬০ বছর পূর্তি উপলক্ষে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা এ আয়োজন করেছে। শিল্পী হিসেবে সবসময় মানুষের আনন্দ ও চিন্তার খোরাক জোগানোর চেষ্টা করে গেছি। ভবিষ্যতেও সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে নাটক ও চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি গাজী রাকায়েতকে শুভেচ্ছা জানাবেন তার দীর্ঘদিনের সহকর্মী ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা।
Advertisement
১৯৬৬ সালের ১৫ জুন ঢাকার গেন্ডারিয়ায় জন্মগ্রহণ করেন গাজী রাকায়েত। স্কুলজীবন থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ থাকলেও পড়াশোনায় মনোযোগী ছিলেন তিনি। বুয়েটে অধ্যয়নকালে অভিনয় প্রশিক্ষণের মাধ্যমে নাট্যাঙ্গনে যুক্ত হন এবং পরে অভিনয়, নাট্যরচনা, নির্দেশনা ও চলচ্চিত্র নির্মাণে নিজস্ব অবস্থান তৈরি করেন।
এমআই/এলআইএ