রাজধানীর হাতিরঝিল এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইয়াছিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’কে গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মারুফ সুলতান ওরফে ফেরদৌস (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৩।
Advertisement
সোমবার (১৫ জুন) বিকেলে র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (ইন্ট অ্যান্ড মিডিয়া অফিসার) মো. মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্য জানান।
তিনি বলেন, বিশেষ অভিযানে হাতিরঝিল থানার উত্তর নয়াটোলা চেয়ারম্যান গলির একটি বাসা থেকে মো. মারুফ সুলতান ওরফে ফেরদৌসকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মারুফ সুলতানের বাড়ি মৌলভীবাজার জেলায়।
র্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইয়াছিন খান পলাশের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে গত ১২ জুন জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে পশ্চিম রামপুরার বিটিভি ভবনের বিপরীতে একটি দোকানের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হন।
Advertisement
ঘটনার পর স্থানীয় লোকজন ও তার ছেলে ইউসুফ খান পলকের সহায়তায় আহত পলাশকে প্রথমে রামপুরার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় ১৩ জুন হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিলে র্যাব-৩ ছায়া তদন্ত শুরু করে। সাক্ষীদের তথ্য, বিভিন্ন আলামত ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে মারুফ সুলতান ওরফে ফেরদৌসকে শনাক্ত ও গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী আরও জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হয়েছে।
এর আগে, গত ১৩ জুন বিকেলে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে মো. ইমাম হোসেন নামে এক যুবককে গ্রেফতার করে হাতিরঝিল থানা পুলিশ। হাতিরঝিল থানার ওসি আসাদুজ্জামান জানান, ইমাম হোসেন নামে গ্রেফতার যুবক পলাশের ওপর গুলি চালানো ব্যক্তিকে বাইকে করে ঘটনাস্থল থেকে পালাতে সহায়তা করেন। গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
Advertisement
পুলিশ বলছে, ২০০২ সালের ২৯ মে রামপুরায় যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি কাইল্লা পলাশ। ওই মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ড দিলেও পরে উচ্চ আদালত সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। গুলিবিদ্ধ হওয়ার প্রায় এক মাস আগে জামিনে কারাগার থেকে মুক্তি পান পলাশ।
টিটি/এএমএ