ময়মনসিংহ নগরের মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সংলগ্ন এলাকায় অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন। অভিযানে শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
Advertisement
সোমবার (১৫ জুন) দুপুরের দিকে সিটি করপোরেশনের উদ্যোগে এ অভিযান শুরু হয়।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে অন্তত শতাধিক দোকান নির্মাণ করে জায়গা দখল করে রেখেছিল।
এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশেও গড়ে ওঠে বিভিন্ন অবৈধ স্থাপনা, যা যানবাহন চলাচল ও টার্মিনাল ব্যবস্থাপনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল।
Advertisement
অভিযান চলাকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।
সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, ‘টার্মিনালের ভেতরে অবৈধভাবে দখল করে দোকান ও স্থাপনা নির্মাণ করা হয়েছিল। এসব স্থাপনার কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তাই জনস্বার্থে সেগুলো উচ্ছেদ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলো দখলমুক্ত রাখতে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
হোসাইন সুলভ/এএইচ/এএসএম
Advertisement