অর্থনীতি

বড় প্রতিষ্ঠানে ভর করে বাড়লো মূল্যসূচক

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ জুন) শেয়ারবাজারে বড় উত্থান দেখা দেওয়ার পর দ্বিতীয় কার্যদিবস সোমবারও (১৫ জুন) মূল্যসূচক বেড়েছে। তবে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার থেকে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি প্রতিষ্ঠান। মূলত বড় মূলধনের বেশিরভাগ কোম্পানির শেয়ার দাম বাড়ায় সূচকের এই ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মিলেছে।

Advertisement

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকার পাশাপাশি মূল্যসূচকও বেড়েছে। দাম বাড়া-কমার ক্ষেত্রে দুই বাজারে দু’রকম চিত্র থাকলেও উভয় বাজারে লেনদেনের পরিমাণ বেড়েছে।

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মিলে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ায় লেনদেনের প্রথম দুই ঘণ্টায় সূচকের মোটামুটি বড় উত্থান হয়।

কিন্তু লেনদেনের শেষদিকে এক শ্রেণির বিনিয়োগকারীরা শেয়ার বিক্রির চাপ বাড়ালে বেশি কিছু প্রতিষ্ঠানের দরপতন হয়। তবে এর মধ্যেও বড় মূলধনের বেশিরভাগ প্রতিষ্ঠান দাম বাড়ার প্রবণতা ধরে রাখে। ফলে দাম কমার তালিকা বড় হলেও সবকটি মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়।

Advertisement

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৮৪টির এবং ৬৬টির দাম অপরিবর্তিত রয়েছে। অপরদিকে, বাছাই করা ৩০টি কোম্পানির মধ্যে ২০টির শেয়ার দাম বেড়েছে এবং ১০টির দাম কমেছে।

এদিকে ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৮টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ৯৯টির দাম কমেছে এবং ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ২৯টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪১টির এবং ৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৮টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৪টির এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে। আর তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ৪টির দাম বেড়েছে। বিপরীতে ৬টির দাম কমেছে এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

দাম কমার তালিকা বড় হওয়ায় পরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৪ পয়েন্টে উঠে এসেছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৮ পয়েন্টে অবস্থান করছে।

Advertisement

মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৪৫৬ কোটি ১২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৩৫৮ কোটি ৪৭ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৯৭ কোটি ৬৫ লাখ টাকা।

এই লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির ৮১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এনসিসি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৫৪ কোটি ২৪ লাখ টাকার। ৩৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- সিমিট অ্যালায়েন্স পোর্ট, সিটি ব্যাংক, জেনেক্স ইনফোসিস, লাভেলো আইসক্রিম, পিপলস ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক এবং বিডি থাই ফুড।

অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৫২ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৪৫ প্রতিষ্ঠানের মধ্যে ১১৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৮টির এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪২ কোটি ৪৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৪ কোটি ২১ লাখ টাকা।

এমএএস/এমএএইচ/