ক্যাম্পাস

হিজাব নিয়ে কটূক্তির প্রতিবাদে ইবিতে নারী শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় সংসদে নারী সংসদ সদস্যদের হিজাব ও নিকাব নিয়ে কটূক্তির প্রতিবাদে এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যের প্রকাশ্য ক্ষমার দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সম্মিলিত নারী শিক্ষার্থীরা।

Advertisement

সোমবার (১৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নিকাব নিয়ে কটূক্তির প্রতিবাদে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘মুক্তিযুদ্ধের পর সংবিধান প্রণয়ন কমিটির ৩৪ সদস্যের মধ্যে বেগম রাজিয়া বানু ছিলেন একমাত্র নারী সদস্য এবং তিনি পর্দানশিন পোশাকে দায়িত্ব পালন করেছেন। তাই সংবিধান প্রণয়নের ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান তারা।’

তারা আরও বলেন, ‘অতীতেও হিজাব ও নিকাব নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতার বিতর্কিত মন্তব্য দেখা গেছে, কিন্তু সেগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ সময় তারা সংশ্লিষ্ট সংসদ সদস্যের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ এবং মনিরুল হক চৌধুরীর প্রকাশ্য ক্ষমা দাবি করেন।’

Advertisement

বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের তাজমিন রহমান বলেন, ‘সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বিরোধীদলীয় নারী এমপিদেরকে হিজাব এবং নিকাব নিয়ে কটূক্তি করেছেন। একই সময়ে সরকারদলীয় নারী এমপিরা সংসদে বসেই সেটিকে সমর্থন জানাচ্ছেন, উল্লাস প্রকাশ করছেন। যেখানে সংবিধানেই ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে, যেখানে পবিত্র কোরআনে আমাদের ধর্মে যেখানে নির্দেশ করা আছে আমাদের পর্দা করার বিষয়ে, ঠিক সেই স্পর্শকাতর জায়গা নিয়ে তিনি কীভাবে সংসদে দাঁড়িয়ে বিদ্রূপ করলেন। সরকার দল, বিরোধী দলের রাজনৈতিক আদর্শেরও পার্থক্য বা তফাৎ থাকতে পারে। কিন্তু তারা ব্যক্তি স্বাধীনতা কিংবা পোশাক নিয়ে কথা বলতে পারে না।

ইরফান উল্লাহ/এএইচ/এএসএম