খেলাধুলা

ভালভার্দের হাতে ম্যাচসেরার পুরস্কার, ক্ষুব্ধ সমর্থকরা

মাঠের লড়াই শেষ হয়েছে ১-১ সমতায়। কিন্তু ম্যাচ শেষে দেখা দিয়েছে আরেক বিতর্ক। সৌদি আরবের বিপক্ষে উরুগুয়ের ড্রয়ের পর ম্যাচসেরার পুরস্কার তুলে দেওয়া হয় উরুগুয়ে অধিনায়ক ফেদেরিকো ভালভার্দের এর হাতে। আর তাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভে ফেটে পড়েছেন অসংখ্য সমর্থক। তাদের প্রশ্ন — এমন সিদ্ধান্তের পর ফিফাকে কীভাবে বিশ্বাস করা যায়?

Advertisement

বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপের ম্যাচে সৌদি আরব ও উরুগুয়ে ম্যাচটি শেষ হয় ১-১ সমতায়। ম্যাচজুড়ে ভালভার্দে মাঝমাঠে সক্রিয় থাকলেও সমর্থকদের বড় একটি অংশ মনে করছেন, ম্যাচসেরার পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস অথবা ডিফেন্ডার আব্দুলেলাহ আল আমরি। বিশেষ করে আল-ওয়াইসের একের পর এক দুর্দান্ত সেভ সৌদি আরবকে ম্যাচে টিকিয়ে রেখেছিল এবং উরুগুয়ের আক্রমণভাগকে বারবার হতাশ করেছে।

সামাজিক মাধ্যমে অনেক সমর্থক লিখেছেন, ‘ম্যাচটা কি সত্যিই কেউ দেখেছিল?’

আবার কেউ সরাসরি ফিফার পুরস্কার নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, সৌদি আরবের খেলোয়াড়দের অবদানই ম্যাচের ফল নির্ধারণে বেশি গুরুত্বপূর্ণ ছিল।

Advertisement

ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল সৌদি আরব। পরে শেষ দিকে ম্যাক্সি আরাওজো গোল করে উরুগুয়েকে হার থেকে বাঁচান। ড্রয়ের ফলে ‘এইচ’ গ্রুপের চার দলই প্রথম ম্যাচ শেষে এক পয়েন্ট করে নিয়ে একই অবস্থানে রয়েছে। ফলে নকআউট পর্বের লড়াই আরও জমে উঠেছে।

তবে ম্যাচের ফলের চেয়েও এখন বেশি আলোচনায় ম্যাচসেরার পুরস্কার। ভালভার্দে সম্মান পেলেও ফুটবলপ্রেমীদের বড় অংশের চোখে আসল নায়ক ছিলেন আল-ওয়াইস। আর সেই কারণেই নতুন করে প্রশ্নের মুখে পড়েছে ফিফার পুরস্কার বাছাই প্রক্রিয়া।

টিটিটি/আইএন

Advertisement