দেশজুড়ে

ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

ময়মনসিংহে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল ৩টার দিকে নগরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন ঝিনাইদহের মো. মাসুদ মিয়া (৩০) ও চাঁপাইনবাবগঞ্জের সিয়াম মিয়া (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ রোড এলাকায় নির্মাণাধীন ‘এনায়েত হোসেন চৌধুরী টাওয়ার’ নামের ১০ তলা ভবনের অষ্টম তলায় কাজ করছিলেন ওই দুই শ্রমিক। এসময় হঠাৎ মাচা ভেঙে তারা নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে সহকর্মীরা দ্রুত দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Advertisement

স্থানীয়দের ভাষ্য, প্রায় তিন বছর ধরে ভবনটির নির্মাণকাজ চলছে। এর মালিক নেত্রকোনা মেডিকেল কলেজের প্রভাষক বেলাল উদ্দিন ও ময়মনসিংহ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার দিপশা চৌধুরী দম্পতি। দিপশার পৈতৃক সূত্রে পাওয়া প্রায় সাড়ে আট শতাংশ জমিতে ভবনটি নির্মাণ করা হচ্ছে।

আরও পড়ুন ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ভবনের নিরাপত্তাকর্মী আবদুল হক বলেন, দুপুরে খাবার শেষে শ্রমিকরা কাজে যোগ দেন। কিছুক্ষণ পর মাচা ভেঙে দুজন নিচে পড়ে যান। তারা প্রায় ১৫ দিন আগে এখানে কাজ করতে এসেছিলেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভবনের মালিক বেলাল উদ্দিন বলেন, ‘আমরা ভবনটির নির্মাণকাজ ঠিকাদার রফিকুল ইসলামের কাছে দিয়েছি। তারাই কাজ পরিচালনা করছে। দুর্ঘটনায় শ্রমিকদের মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।’

Advertisement

এইচএসভি/একিউএফ