দেশজুড়ে

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

মানিকগঞ্জের ঘিওরে মাদক ব্যবসার অভিযোগে হেরোইনসহ একই পরিবারের তিনজনকে আটক করেছে পুলিশ। আটকের পর স্থানীয় লোকজন দীর্ঘদিনের ক্ষোভের জেরে তাদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

Advertisement

বুধবার (১৭ জুন) সদর ইউনিয়নের গোলাপনগর কুঠিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে ঘিওর থানার পুলিশ গোলাপনগর কুঠিবাড়িতে বিশেষ অভিযান চালায়। এসময় মাদক ব্যবসার অভিযোগে মমতাজ বেগম ওরফে মম (৪৫), তার স্বামী শামছুল আলম খোকন (৫২) ও ছেলে রাহিম মিয়া মানিককে (২৫) আটক করা হয়। সেই সঙ্গে তাদের কাছ থেকে ৬৮ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির ১৬ হাজার ৫৪০ টাকা জব্দ করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের আটকের খবর ছড়িয়ে পড়লে দুপুর ১২টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী তাদের বাড়িতে ভাঙচুর চালায়। একপর্যায়ে বাড়ির একটি অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে রান্নাঘরসহ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ঘিওর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।

Advertisement

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, হেরোইনসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় আরেকজন পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এমএসজেএএল/একিউএফ

Advertisement