আন্তর্জাতিক

সুইজারল্যান্ড সফর বাতিল করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে শুক্রবার সুইজারল্যান্ড যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন। হোয়াইট হাউজ জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ অবসানের জন্য হওয়া ১৪ দফা সমঝোতা বাস্তবায়ন নিয়ে আলোচনার প্রস্তুতি থাকলেও নানা জটিলতার কারণে সফরটি স্থগিত করা হয়েছে।

Advertisement

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আগে জানিয়েছিলেন, জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষরের একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান হবে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই দেশের প্রেসিডেন্ট এরই মধ্যে চুক্তিতে স্বাক্ষর করায় নতুন কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠানের প্রয়োজন নেই।

ইরান জানিয়েছিল, যুদ্ধবিরতি আরও অন্তত ৬০ দিন বাড়ানোর পর তারা কারিগরি পর্যায়ের আলোচনা শুরু করতে প্রস্তুত। তবে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে আগে চুক্তির বাস্তবায়নের কিছু পদক্ষেপ দেখাতে হবে। এছাড়া জেনেভায় আলোচনায় ইরানি প্রতিনিধিদল অংশ নেবে কি না, সে বিষয়েও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হোয়াইট হাউজের এক মুখপাত্র বলেন, আলোচনা চূড়ান্ত হলে ভ্যান্স ও মার্কিন প্রতিনিধিদল যাত্রার জন্য প্রস্তুত ছিলেন। তবে এ ধরনের আলোচনার আয়োজন সবসময়ই জটিল ও অনিশ্চিত হয়ে থাকে।

Advertisement

এদিকে, যুদ্ধবিরতি স্থায়ী হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে। এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত সাত হাজার মানুষ নিহত হয়েছে। পাশাপাশি তেলের দাম বেড়েছে এবং বিশ্ববাজারেও অস্থিরতা তৈরি হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় অংশ না নেওয়া ইসরাইল লেবাননে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। ফলে শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভেতরেও সমালোচনা শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু রিপাবলিকান মিত্র মনে করছেন, যুদ্ধ বন্ধ করতে গিয়ে তিনি ইরানের কাছে অনেক বেশি ছাড় দিয়েছেন।

সূত্র: রয়টার্স

Advertisement

এমএসএম