জাতীয়

৪০ মিনিটের বৃষ্টিতেই ডুবলো চট্টগ্রাম, ছুটির দিনে দুর্ভোগ

মাত্র ৩০ থেকে ৪০ মিনিটের ভারী বৃষ্টিতেই আবারও জলাবদ্ধতা তৈরি হয়েছে চট্টগ্রাম নগরীজুড়ে। সকালের এই বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে ছুটির দিনেও জরুরি কাজে বের হওয়া মানুষ ও শ্রমজীবীরা চরম দুর্ভোগে পড়েন।

Advertisement

শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি শুরু হয়। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট স্থায়ী এ বৃষ্টিতেই নগরীর চকবাজার, কাতালগঞ্জসহ আশপাশের নিচু এলাকাগুলো তলিয়ে যায়।

সকাল সাড়ে ৮টার দিকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি প্রায় ৪০ মিনিট স্থায়ী হয়। এরপরই নগরীর চকবাজার, কাতালগঞ্জসহ আশপাশের এলাকায় হাঁটু পানি আবার কোথাও কোথাও কোমর সমান পানি জমে।

সরেজমিনে দেখা যায়, ভারী বৃষ্টিতে চকবাজার ও কাতালগঞ্জ এলাকার বেশ কয়েকটি সড়ক দ্রুত পানিতে তলিয়ে যায়। জমে থাকা পানির কারণে অনেক যানবাহন মাঝপথে আটকে পড়ে। ফলে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে সময় যেমন বেশি লাগছে, পোহাতে হচ্ছে ভোগান্তিও। পথচারীদের অনেককে দেখা গেছে হাঁটু পানি মাড়িয়ে চলাচল করতে।

Advertisement

কাতালগঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দা মাসুদ ফরহান বলেন, বছরের পর বছর তাদের জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হচ্ছে। একের পর এক উন্নয়ন প্রকল্প নেওয়া হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে না।

রিকশাচালক ফয়েস আহমেদ বলেন, জলাবদ্ধতার কারণে রিকশা চালানো কঠিন হয়ে পড়েছে। তাদের আয়-রোজগারও কম হচ্ছে। 

চট্টগ্রামের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের চাকরিজীবী মো. নাইম বলেন, রাস্তায় পানি জমায় যানবাহন পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে নোংরা পানি মাড়িয়ে চলাচল করছি। এ সুযোগে অনেক যানবাহনের চালক অতিরিক্ত ভাড়া হাঁকাচ্ছেন।

তবে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার অন্যতম কেন্দ্র প্রবর্তক মোড়ে এবার তুলনামূলক কম পানি জমতে দেখা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় হিজড়া খালে চলমান কাজের কারণে সেখানে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

Advertisement

যদিও আশপাশের নিচু এলাকা ও সংযোগ সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় সামগ্রিক দুর্ভোগ কমেনি।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহবুবুল আলম জানিয়েছেন, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রামে ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে স্বল্প সময়ে ভারী বর্ষণের কারণে নিচু এলাকায় পানি জমেছে। দিনভর আকাশ মেঘলা থাকতে পারে এবং থেমে থেমে আরও বৃষ্টি হতে পারে।

নগরবাসীর অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, খাল পুনর্খনন ও সংস্কারকাজের ধীরগতি এবং বর্জ্য ব্যবস্থাপনার সমস্যার কারণে সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। কোটি কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পরও এ পরিস্থিতির উন্নতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।

এমআরএএইচ/এমকেআর