আনিফ রুবেদ
Advertisement
শব্দ মানেই ভাষা। যখন একটা পয়সা মেঝেতে পড়ে যায়; তখনো আবার নদীর বুক থেকে যে নাদ উঠে আসে তখনো। সবই ভাষা। আর ভাষা মানেই কিছু একটা বলতে চাওয়া। মানুষের ক্ষেত্রে শব্দ মানেই ভাষা সব সময় না হলেও শব্দ (সাউন্ড) থেকেই শব্দ (ওয়ার্ড) তৈরি হয়। এগুলো ভাষা যার দ্বারা কিছু একটা বলতে চাওয়া হয়।
পড়ছিলাম কবি সিদ্দিক বকরের ‘প্র_সৃষ্টি ও সুন্দর : সিঙ্কহোল’ নামের কবিতার বই। কাব্যশিল্প তো বিভিন্ন রকমের সেইসব রকমের ভেতর এটাও একটা রকম; যে ‘রকম’টা ব্যবহার করেছেন কবি সিদ্দিক বকর। সিদ্দিক বকর সরাসরি যেন কিছু বলতে চান না; শুধু ইঙ্গিত দিয়ে যান। এই ইঙ্গিতটাও ইঙ্গিত নয়; এটা ইঙ্গিতেরও ইঙ্গিত। এসব কবিতার কিছু কবিতাংশ পঠনযোগ্য, কিছুটা দর্শনযোগ্য এবং কিছুটা শুধুই অনুভবযোগ্য।
এ বই পড়তে গিয়ে স্পষ্ট হয়ে ওঠে একটা বার্তা সেটা হলো, শব্দই দর্শন যখন একটা শব্দের পাশে আরেকটা শব্দ থাকে। তাতে পাশাপাশি থাকা শব্দগুলো যে শব্দই হোক না কেন। হতে পারে পাশাপাশি থাকা শব্দ দুটো ব্যাঙ ও পাহাড় অথবা পর্বত বা ক্লান্তি। এই পাশাপাশি থাকাটাই যে কোনো এক বা একাধিক বোধ বা দর্শনের দিকে নিয়ে যাবেই। এই যে ‘নিয়ে যাবেই’ এর কারণ মানুষের জীবন্ত চিন্তাশীলতা এবং শব্দের সাথে শব্দের চুম্বকীয় আকর্ষণ বা বিকর্ষণ।
Advertisement
শব্দ নিয়ে অস্বচ্ছ, রহস্যময় ধরনের খেলা খেলেছেন কবি সিদ্দিক বকর। কুয়াশার ভেতর দিয়ে বা জলে ডুব দিয়ে তাকিয়ে যা বা যেভাবে দেখে বা অনুভব করে মানুষ সেইরকম প্রায় একটা আবহ তৈরি করেছেন কবিতার গায়ে, গন্ধে। যেমন—‘কাম + কামলা’; ‘কুতরাং। ফুতরাং;’ ‘কবর—চারকোনা মৃতরুম’; ‘অব (তার/রোধ), প্র(ধান/দান/কাশ)’ প্রভৃতি। এখানে তুলে দেওয়া শব্দগুলোর মধ্যে শেষেরটাতে যে ব্যাঞ্জনা অনুভূত হচ্ছে তা অপূর্ব। এখানে একবার অব বা প্র ব্যবহার করে তিনটি শব্দের যূষ দিয়েছেন কবি। আবার ব্রাকেটবন্দি প্রত্যেকটা অংশই আলাদা আলদা অর্থওয়ালা পূর্ণ শব্দ।
যদিও ‘শব্দ—এক উর্বর নাসপাতি’ বলেছেন কবি তবুও তিনি শুধু শব্দে নয় বাক্যেও একটা জটিল জাদুর পরশ পরিয়েছেন।‘তদন্ত প্রতিবেদনপ্রতি (দরজা/ঘর/দল)’।এই একটি বাক্যেই তিনটি বাক্য রচিত হয়ে গেছে—তদন্ত প্রতিবেদন প্রতি দরজা...তদন্ত প্রতিবেদন প্রতি ঘর...তদন্ত প্রতিবেদন প্রতি দল...
আরও পড়ুন বই আলোচনা / চাষাঢ়ে গল্প: বঞ্চিত মানুষের আখ্যানএভাবে আরও অনেক শব্দখেলা, বাক্যখেলা এবং অনুভূতির খেলা খেলেছেন কবি। এগুলোর স্বাদ নিতে হলে বইটিই পাঠ করে নেওয়া প্রয়োজন। কবি সিদ্দিক বকরের কাব্যপ্রভা ও প্রভাব আরও বিস্তারিত হোক। ভালোবাসা কবির জন্য।
এসইউ
Advertisement